Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দোকানের সামনে থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ, চাঞ্চল্য বারাকপুরে

মৃত উজ্জ্বল ঘোষের ডাকনাম রানা। বাড়ি বারাকপুরের গাজাগলিতে। ওয়ারলেস মোড়ের কাছে গাড়ি কেনাবেচার শোরুম রয়েছে তাঁর। জানা গিয়েছে, গতকাল নববর্ষের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উজ্জ্বলবাবু।

দোকানের সামনে থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ, চাঞ্চল্য বারাকপুরে
  • ২ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নববর্ষের রাতে বন্ধুর সঙ্গে বাইকে চেপে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না! শুক্রবার সকালে বারাকপুরের ওয়ারলেস মোড়ের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর নিথর দেহ। নাম উজ্জ্বল ঘোষ। ঘটনাস্থলের কাছেই তাঁর দোকান বলে জানা গিয়েছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

মৃত উজ্জ্বল ঘোষের ডাকনাম রানা। বাড়ি বারাকপুরের গাজাগলিতে। ওয়ারলেস মোড়ের কাছে গাড়ি কেনাবেচার শোরুম রয়েছে তাঁর। জানা গিয়েছে, গতকাল নববর্ষের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উজ্জ্বলবাবু। সেখানে খানাপিনার পরে রাতে আবার দোকানে ফিরে আসেন বলে দাবি ঘনিষ্ঠদের। এই দোকানের সামনেই আজ সকালে অচৈতন্য অবস্থায় উজ্জ্বলবাবুকে উদ্ধার হয়। কাছেই তাঁর বাইক এবং মোবাইল পাওয়া গিয়েছে। তবে দোকান বন্ধ ছিল। 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উজ্জ্বলবাবুকে বারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কী কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখছে মোহনপুর থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ