বেলঘরিয়ায় নর্দমা থেকে উদ্ধার টোটো চালকের মৃতদেহ, গ্রেপ্তার অভিযুক্ত বন্ধু
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঝামেলা। তার জেরে প্রতিবেশী বন্ধুকে পিটিয়ে খুন করে ড্রেনে দেহ ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এমনকি মৃতদেহের উপর পাথর চাপা দিয়ে দেহ ঢাকার চেষ্টাও করা হয়। রবিবার রাতের এই ঘটনায় বেলঘরিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সন্তোষ কর্মকার (৩৪)। তাঁর বাড়ি বেলঘরিয়ার রবীন্দ্রনগর। এই খুনের ঘটনায় অভিযুক্ত সুভাষ দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ওই এলাকায় ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে জেরা করে ঘটনার প্রকৃত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। দ্রুত ঘটনার পুনর্নির্মাণ করা হবে। 

Advertisement

কামারহাটির রবীন্দ্রনগরের বাসিন্দা ছিলেন সন্তোষ। তিনি ছিলেন পেশায় টোটো চালক। তাঁর বাড়ির অদূরে বছর তিরিশের সুভাষ দাসের বাড়ি। তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই ছিল। সুভাষ অবিবাহিত হলেও সন্তোষ কয়েকবছর আগে বিয়ে করেন। স্ত্রী ছাড়াও রয়েছেন তাঁর একবছরের ছেলে এবং মা। রবিবার রাতে সন্তোষ টোটো চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন। স্থানীয়দের দাবি, মদ খাওয়ার জন্য রাতে সন্তোষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সুভাষ। সন্তোষ নিজের টোটো নিয়ে গিয়েছিলেন। মধ্যরাত পর্যন্ত মদ খাওয়ার পর সুভাষ ওই টোটো এনে সন্তোষের বাড়ির সামনে পার্ক করেন। এরপর রাতে আর সন্তোষ বাড়ি ফেরেননি। পরদিন, সোমবার সকালে স্থানীয়রা রবীন্দ্রনগর এলাকার ড্রেন থেকে এক ব্যক্তির পা বেরিয়ে থাকতে দেখেন। শরীরের বাকিটা চাপা ছিল পাথর, কাদা প্রভৃতি দিয়ে। খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ দ্রুত এসে ড্রেন থেকে দেহটি উদ্ধার করে। তদন্তকারীরা দেখেন, ঘটনাস্থল থেকে কাদা পায়ের ছাপ ঢালাই রাস্তা ধরে এগিয়েছে, শেষ হয়েছে সুভাষের বাড়ির কাছে। এরপর সুভাষকে তাঁর ঘর থেকে পাকড়াও করা হয়। খুনের ঘটনায় সুভাষ জড়িত নিশ্চিত হতেই সোমবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সন্তোষের স্ত্রী কৃষ্ণা কর্মকার বলেন, আমরা এসবের কিছুই জানতাম না। রবিবার রাতে সুভাষ এসে মদ খেতে সন্তোষকে ডেকে নিয়ে গিয়েছিলেন। সন্তোষ রাতে আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা দেখতে পান যে, তাঁর দেহ ড্রেনে পড়ে আছে। পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। বেরিয়েছিল শুধু পাদুটি। কী কারণে ও আমাদের এত বড়ো সর্বনাশ করলেন উনি কিছুই বুঝতে পারছি না। আমরা ওঁর কঠোর সাজা চাই। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের অন্যকোনো জায়গায়, এছাড়া গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।