নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে শিক্ষকদের বাইরের জেলায় বদলির নির্দেশ বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদও। এর আগে শিক্ষাদপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন এই সংক্রান্ত ২০২৩ সালের নির্দেশিকা এবং শিক্ষক তালিকা বাতিল করেছিল। এবার পর্ষদও তা বাতিল করায় শিক্ষকদের পুরনো স্কুলে ফিরে আসতে কোনও বাধা রইল না। কম ছাত্র সংখ্যা রয়েছে, এমন স্কুল থেকে বেশি পড়ুয়া থাকা স্কুলে প্রায় ৫০০ জন শিক্ষককে ‘সারপ্লাস ট্রান্সফার’ করা হয়েছিল। এক্ষেত্রে শিক্ষকদের একাংশের অভিযোগ ছিল, অনেক দূরের স্কুলে তাঁদের পাঠানো হয়েছে। এই বদলিকে চ্যালেঞ্জ করে মামলাও হয়। তাতে রাজ্য সরকার জিতে গেলেও শিক্ষকদের স্বার্থে দূরবর্তী বদলি বাতিল করে কাছাকাছি স্কুলে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিকাশ ভবন। শিক্ষক মহলের তরফে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।



