নয়াদিল্লি: দেশে নিষিদ্ধ হয়েছে অনলাইন গেমিং। ঝাঁপ পড়েছে ড্রিম ইলেভেনের ব্যবসায়। তারাই ছিল টিম ইন্ডিয়ার টাইটেল স্পনসর। বিপাকে পড়ে মাঝপথেই স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে সংস্থাটি। লক্ষ্মীর সন্ধানে নতুন স্পনসরের জন্য মঙ্গলবার দরপত্র আহ্বান করেছে বিসিসিআই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনও আগ্রহী ভারতীয় সংস্থাকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লক্ষ টাকা দিয়ে দরপত্র সংগ্রহ করতে হবে। আর তা জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। অংশ নিতে পারবে বিদেশি সংস্থাও। তবে অফেরতযোগ্য অর্থের পরিমাণ তাদের ক্ষেত্রে কিছুটা বেশি। টিম ইন্ডিয়ার স্পনসরশিপ চুক্তি সম্পন্ন হতে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ গড়াতে পারে। তাই এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব, শুভমান গিলদের জার্সিতে কোনও স্পনসর থাকবে না। কারণ টুর্নামেন্ট শুরু ৯ সেপ্টেম্বর। ভারত প্রথম ম্যাচ খেলবে পরের দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর।
স্পনসরশিপ নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না বিসিসিআই। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার বেশ কিছু সতর্ককতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোন কোন সংস্থা দরপত্র জমা দিতে পারবে, আর কারা পারবে না। আসলে অনলাইন গেমিং নিষিদ্ধ হয়েছে দেশে। ফলে স্পনসরশিপ থেকে সরে দাঁড়িয়েছে ফ্যান্টাসি অ্যাপ ও অনলাইন গেমিং সংস্থা ড্রিম ইলেভেন। এই ঘটনা বোর্ডের কাছে খুবই অস্বস্তিকর। তাই নতুন স্পনসরশিপ আহ্বানের সময় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিপ্টো, অনলাইন গেমিং সংস্থা, মদ ও তামাক ব্যবসায় যুক্ত সংস্থা দরপত্র জমা দিতে পারবে না। ড্রিম ইলেভেনের সঙ্গে বোর্ডের তিন বছরের চুক্তি ছিল ৩৫৮ কোটি টাকা। অনেকের ধারণা, অনলাইন গেমিং সংস্থা সরে দাঁড়ানোয় আর এত টাকা তুলতে পারবে না বোর্ড। তবে জানা গিয়েছে, নতুন স্পনসরশিপ ডিলে ৪৫২ কোটি 'টাকা প্রত্যাশা করছে বোর্ড। শোনা যাচ্ছে, বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা টয়োটা নাকি দরপত্র জমা দিতে পারে।