Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় প্রাচীন দেউল এলাকায় মন্দির গড়ার উদ্যোগ গ্রামবাসীদের

বড়ঞায় প্রাচীন দেউল এলাকায় মন্দির গড়ার উদ্যোগ গ্রামবাসীদের
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বেশ কিছুটা জমিজুড়ে উঁচু ঢিবি রয়েছে। প্রাচীন ধ্বংসাবশেষও দেখা যায়। এলাকার মানুষের কাছে সেই জায়গা এখনও ‘দেউল’ অর্থাৎ দেবালয় নামে পরিচিত। বড়ঞা ব্লকের বিপ্লবী ননী সেতু লাগোয়া এলাকায় ক্রমশ দখল হতে থাকা ওই জায়গা সংস্কার করে ফের সেখানে দেবালয় তৈরিতে উদ্যোগী হয়েছেন স্থানীয়রা। উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষও।
Advertisement
ফরাক্কা-হলদিয়া বাদশাহি সড়কের পাশেই এই জায়গাটি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকশো বছর আগে এটি মহাদেবের মন্দির ছিল। কিন্তু কোনও এক সময় মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল। তবে এখনও ছোট ইটের তৈরি মন্দিরের ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে। তবে ওই এলাকার পুরোটাই জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছে। স্থানীয় বোলপাড়া গ্রামের বাসিন্দা লালু মণ্ডল বলেন, পূর্বপুরুষদের কাছে শুনেছি, এই দেউল কয়েকশো বছরের প্রাচীন। মন্দিরের সঙ্গে বিভিন্ন রাজাদের নামও জড়িয়ে রয়েছে। প্রতি বছর চৈত্রমাসে এখানে ঘটা করে শিবপুজো হয়। শুনেছি, সেসময় এই জঙ্গলে কালনাগিনীর দেখাও মেলে। এমন একটি জায়গা ক্রমশ বেদখল হতে বসেছে। সেটা সবার কাছে চিন্তার বিষয়। সেকারণে গ্রামের মানুষ জায়গাটি সংস্কার করে মহাদেবের মন্দির তৈরিতে নেমেছেন। সোমবার থেকেই গ্রামের কিছু মানুষ ওই জমি ও জঙ্গল সাফাই করতে নেমেছেন। পাশেই বাঁশের আচ্ছাদনও করা হচ্ছে। পছিপাড়া গ্রামের যুবক ইশ্বর বিত্তার বলেন, দেউল এলাকার জমি দখল হতে থাকায় গ্রামের মানুষ আতঙ্কিত। এনিয়ে গ্রামে একপ্রস্থ আলোচনাও হয়েছে। তারপর গ্রামের যুবকরা স্বেচ্ছাশ্রমে এই জায়গা সংস্কারে নেমেছেন। সুন্দরপুর গ্রামের বাসিন্দা জালেহিম শেখ বলেন, আমি প্রতিদিন এখানে গবাদি পশু চরাতে নিয়ে আসি। দেখে মনে হয়েছে, এটি কোনও মন্দিরের ধ্বংসাবশেষ। এই জায়গার সংস্কার হলে আমি যতটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দেব।
সম্প্রতি ওই এলাকা পরিদর্শন করেছেন বড়ঞা পঞ্চায়েত সমিতির সদস্য মাহে আলম। তিনি বলেন, ওই পরিত্যক্ত জমি দখল হওয়ায় আমরাও চিন্তিত। এলাকার মানুষের সঙ্গে কথা হয়েছে। সংস্কার করা হলে আমি সাধ্যমতো আর্থিক সাহায্য করতে রাজি।এলাকার বাসিন্দা পরেশ বাগদি বলেন, প্রতিদিন পালা করে অন্তত ১০জন করে যুবক এই জায়গা সাফাইয়ে নেমেছেন। প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ