সংবাদদাতা, কুমারগ্রাম: জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকা থেকে উদ্ধার হল কুমারগ্রাম ব্লকের মারাখাতার নিখোঁজ নাবালিকা। কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস শনিবার রাতে নাবালিকাকে উদ্ধার করে আনে। রবিবার তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়। এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। পুলিস জানিয়েছে, গত বৃহস্পতিবার ১৫ বছর বয়সি ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়। এরপর তার আর কোনও খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। স্বাভাবিক কারণেই তাঁরা উদ্বেগের মধ্যে ছিলেন। শনিবার বিষয়টি কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিসকে জানান নাবালিকার পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে পুলিস নাবালিকার খোঁজ শুরু করে। পুলিস জানতে পারে, ওই নাবালিকা বানারহাট থানা এলাকায় রয়েছে। রাতেই কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিসের একটি দল নাবালিকার পরিবারের সদস্যদের নিয়ে বানারহাট পৌঁছে গিয়ে তাকে উদ্ধার করে আনে। কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডল বলেন, আমরা বানারহাট থানা এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে আনি। এদিন তাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠানো হয়েছিল। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নাবালিকাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে।



