নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: মাকে খুনের অপরাধে ছেলেকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল পুরুলিয়া আদালত। সাজাপ্রাপ্তের নাম সুশীল কর্মকার। বৃহস্পতিবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সৌমেন সরকার দোষীকে সাজা শোনান। মামলার সরকারি আইনজীবী বিপ্লব সেন বলেন, মাকে খুনের অভিযোগে সুশীলকে বুধবার দোষী সাব্যস্ত করেন বিচারক। বৃহস্পতিবার তার সাজা ঘোষণা হয়েছে। বিচারক তাকে ১০বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ২৭ মার্চ বান্দোয়ান থানার কাড়রু গ্রামে খুনের ঘটনাটি ঘটে। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মা পান্তমণি কর্মকারের সঙ্গে সুশীলের তুমুল অশান্তি হয়। সেই সময় পলেস্তারা করার কাঠের উশো দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে সুশীল। তাতেই পান্তমণির মৃত্যু হয়। এরপরেই সুশীলকে গ্রেপ্তার করে পুলিস। শুরু হয় বিচারপ্রক্রিয়া। সাক্ষ্য গ্রহণের পর বিচারক বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করেন।



