Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলার প্রতিটি পঞ্চায়েতে এবার তৈরি হবে ‘ব্লু’ রোড

কালো পিচের মসৃণ রাস্তার কথা তো আমরা জানি। এবার আসছে নীল রাস্তা।

জেলার প্রতিটি পঞ্চায়েতে এবার তৈরি হবে ‘ব্লু’ রোড
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: কালো পিচের মসৃণ রাস্তার কথা তো আমরা জানি। এবার আসছে নীল রাস্তা। আবর্জনার প্লাস্টিক দিয়ে এবার সেই নীল রাস্তা বা ব্লু রোড নির্মাণের উদ্যোগ নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। এর আগেও অবশ্য জেলায় প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ হয়েছে। ব্যবহৃত প্লাস্টিককে কাঁচামালে রূপান্তরিত করে ফের সেটি ব্যবহারের উপযুক্ত করে তোলা হচ্ছে। এরপর সেই প্লাস্টিক রাস্তা তৈরির কালো পিচের সঙ্গে মিশিয়ে তৈরি করা হচ্ছে ‘নীল রাস্তা’। এই রাস্তা সাধারণ পিচের রাস্তার তুলনায় অনেক টেকসই হওয়ার কারণে এবার পঞ্চায়েত স্তরে এই রাস্তা তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। তবে এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে বর্জ্য প্লাস্টিক। তা এখন খুব সহজ লভ্য বলে মনে করছেন রাজ্যের প্রশাসনিক কর্তারা। 

Advertisement

ইতিমধ্যেই এই জেলায় সরকারি উদ্যোগে একাধিক জায়গায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ কারখানা তৈরি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া সহ বেশকিছু জায়গায় এই প্রকল্প তৈরি করা হয়েছে। সেখানে পুরসভা এবং পঞ্চায়েত এলাকার আবর্জনা মজুত করা হচ্ছে। তারপর সেখান থেকে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য পদার্থ পৃথক করা হচ্ছে। সেই ব্যবহৃত প্লাস্টিককে মেশিনের মাধ্যমে কেটে পুনরায় ব্যবহারের উপযুক্ত করা হচ্ছে এবং গলিয়ে পিচের সঙ্গে মেলালে একটা নীল রঙের কাঁচামাল তৈরি হচ্ছে। সেটাকেই ‘নীল রাস্তা’ তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। 
উল্লেখ্য, জেলায় প্রথম রাজনগরে একটি প্লাস্টিক মিশ্রিত নীল রাস্তা তৈরি করা হয়েছিল। সেই রাস্তাটি সফলভাবে করার পর জেলার ২১টি রাস্তা নির্মাণে বর্জ্য প্লাস্টিক ব্যবহারের উদ্যোগ নিয়েছিল জেলা পরিষদ। এর জন্য প্রস্তাবও পাঠানো হয়েছিল রাজ্যের কাছে। তারই মাঝে রাজ্যের তরফে জেলার প্রতিটি পঞ্চায়েতে অন্তত একটি করে নীল রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য রাজ্যের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। জেলার প্রতিটি ব্লক প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই নির্দেশ কার্যকর হলে বীরভূম জেলায় ১৬৭টি গ্রাম পঞ্চায়েতে নীল রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হবে। 
জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, রাজ্যের নির্দেশে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন ব্লকস্তরে এই সংক্রান্ত কোনও নির্দেশ দেওয়া হয়নি। রাজ্যের তরফে নির্ধারিত রূপরেখা পাওয়া গেলেই বিষয়টি কার্যকর করা হবে। কিন্তু প্রশাসনিক কর্তাদের একাংশের মতে, এই রাস্তা নির্মাণের জন্য বিপুল পরিমাণ বর্জ্য প্লাস্টিক প্রয়োজন। সেই প্লাস্টিকের কীভাবে জোগান হবে, সেই বিষয়টি প্রথমে খতিয়ে দেখবে প্রশাসন। কারণ পর্যাপ্ত বর্জ্য প্লাস্টিক না পাওয়া গেলে ১৬৭টি পঞ্চায়েতে রাস্তা তৈরির প্রকল্প প্রশ্নের মুখে পড়বে। তাই প্রশাসনিক কর্তারা প্রাথমিকভাবে রাস্তা তৈরির নির্দেশের পূর্বে পর্যাপ্ত বর্জ্য প্লাস্টিকের কাঁচামাল জোগানে বেশি জোর দিচ্ছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ