সংবাদদাতা, পতিরাম: শারদীয়ার দুর্গাপুজোর পর শীতকালে কাত্যায়নী ব্রতে অনুষ্ঠিত হল সঙ্কটনাশিনী দুর্গাপুজো। সঙ্কট কাটাতে বালুরঘাটের রথতলা এলাকার চক্রবর্তী বাড়িতে বহু বছর আগে এই পুজোর প্রচলন হয়। সেই থেকে এই পুজো হয়ে আসছে। শুক্রবার মায়ের পুজো হল। সঙ্কট কাটাতে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বহু মানুষ এই পুজো দেখতে ভিড় করেন। বর্তমানে এই পুজো করে আসছেন প্রকাশনাথ চক্রবর্তী (রঘু)। একসময় তাঁর ঠাকুরদা জামিনীনাথ পঞ্চতীর্থ স্মৃতিভূষণ শাস্ত্রী এই পুজো শুরু করেছিলেন। আজও তা ঐতিহ্য ও রীতি মেনেই হয়ে আসছে। দেবী দুর্গার মতোই সঙ্কট নাশীনি মায়ের পুজো হয়। তিনি মহামায়ার আর এক রূপ। দিনে তিন বার মায়ের ভোগ হয়। বাল্যভোগ, অন্নভোগ ও রাজভোগ। এবিষয়ে চক্রবর্তী বাড়ির প্রধান পুরোহিত তথা রঘু চক্রবর্তী বলেন, এই পুজোর অনেক ইতিহাস ও বিশেষত্ব রয়েছে। দেবী দুর্গার মতোই এই পুজা হয়। এই পুজো করলে সঙ্কট দূর হয়। বন্ধা নারীর বন্ধ্যাত্ব মোচন হয়। বহু ভক্ত আমাদের বাড়িতে আসেন।



