সংবাদদাতা, পতিরাম: বন্ধুর নতুন বাইক চালাতে গিয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম পার্থ মহন্ত (২৭)। বাড়ি বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায়। ওই যুবক শনিবার রাতে তিন বন্ধুর সঙ্গে বাইকে চেপে যাত্রা শুনতে গিয়েছিলেন। রাতে ফেরার পথে বালুরঘাট হাসপাতালের সামনে একটি লরির সঙ্গে ধাক্কা লাগে বাইকের। তিনজন ছিটকে পড়লে গুরুতর আহত অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। পার্থর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। বাকি দু’জনের চিকিৎসা চলছে। মৃতের পরিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আইসি শান্তিনাথ পাঁজা বলেন, খতিয়ে দেখা হচ্ছে।



