Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন

বোলপুরে রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। এই মেলার আয়োজক রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রদপ্তর। গত ৩০ ডিসেম্বর এই মেলার সূচনা হলেও শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা। ফি বছর এই মেলাটি বোলপুরের শিবপুর মৌজার বিশ্ব ক্ষুদ্র বাজারে আয়োজন করা হয়। কিন্তু, শহরের একপাশে হওয়ায় সেখানে স্থানীয় দর্শনার্থী ও পর্যটকদের সেইরকমভাবে উল্লেখযোগ্য উপস্থিত হতে দেখা যায় না। তাই হস্তশিল্প মেলা সহ বাজার বসলে দর্শনার্থীদের যাতে ভিড় হয়, তার দাওয়াই বলে দিলেন অনুব্রত মণ্ডল। এদিন নিজের বক্তৃতায় তিনি বলেন হস্তশিল্প সামগ্রীর মানের কারণে এই মুহূর্তে জমজমাট শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাট। সেখানে সারা বছরই ভিড় হয়। তবে বিশ্ব ক্ষুদ্র বাজার ও হস্তশিল্প মেলাকে চালু করতে আমি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও জেলাশাসক বিধান রায়কে খোয়াইয়ের হাটকে দু’দিন বন্ধ রাখতে বলব। তাহলেই এখানে পর্যটক ও দর্শনার্থীদের ভিড় বাড়বে। অনুব্রতর এই বক্তব্যকে সমর্থন করেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, শীঘ্রই এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, মেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ