Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুর ৫ নম্বর ওয়ার্ডে নর্দমা আবর্জনায় ভর্তি, সাফাইয়ের দাবি

বোলপুর ৫ নম্বর ওয়ার্ডে নর্দমা আবর্জনায় ভর্তি, সাফাইয়ের দাবি
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: বোলপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঁধগোড়া এলাকায় বড় নর্দমাগুলি আবর্জনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। যার ফলে জল নিকাশি ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার বা অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের জানানো হলেও কোনও ভ্রুক্ষেপ নেই। আগামীতে নর্দমাগুলি পরিষ্কার না করা হলে চরম সমস্যার সম্মুখীন হতে হবে স্থানীয়দের। তাই তারা চাইছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। 
Advertisement
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর বোলপুর। কিন্তু এখানকার অধিকাংশ ওয়ার্ডে নিয়মিত নর্দমা পরিষ্কার করা হয় না। মূলত প্লাস্টিক জাতীয় বিভিন্ন ধরনের পদার্থ নর্দমার মধ্যে পড়ে গিয়ে সেগুলির নিকাশি ব্যবস্থাকে আটকে দিয়েছে। বোলপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় সেই সমস্যা প্রকট হয়ে উঠেছে। তার মধ্যেই বাঁধগোড়ায় বেশ কয়েকটি হাইড্রেন রয়েছে। যার মধ্যে দিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন স্থানের জল নিকাশি হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার একাধিক হাইড্রেন বন্ধ হয়ে পড়ে রয়েছে। তার মধ্যে দিয়ে জল যাতায়াত করতে সমস্যা দেখা দিচ্ছে। নর্দমাগুলি নিয়মিত পরিষ্কার না করার জন্য এমন সমস্যা। পুরসভা বা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার সহ দায়িত্বপ্রাপ্তদের বারবার জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হয়নি। স্থানীয় বাসিন্দা অঞ্জন হাজরা, সোমনাথ ঘোষাল, রেখা হাজরা বলেন, বড় নর্দমাগুলির অবস্থা যতটা খারাপ তার থেকেও বেশি বাজে অবস্থা পাড়ার ভিতরের নর্দমাগুলির। তাই সেগুলিকে নিয়মিত পরিষ্কারের ও নিকাশি ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার পদক্ষেপ নেওয়া উচিত পৌরসভা তথা ওয়ার্ড কাউন্সিলারের। বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, শহরের সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাত্রিকালীন এলাকা পরিষ্কার কর্মসূচিও শুরু করা হয়েছে। তারপরও কোনও কোনও ওয়ার্ডে এমন সমস্যা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। - প্রতীকী চিত্র
সম্পর্কিত সংবাদ