Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরে চাহিদা মতো ফর্ম না মেলায় বিপাকে বিএলওরা

বারাকপুর মহকুমায় প্রয়োজনমতো ফর্ম পাচ্ছেন না বিএলও’রা। তাঁদের একাংশ জানিয়েছে, এই মহকুমার জন্য যে পরিমাণ ফর্ম আসার কথা ছিল, তা এখনও এসে পৌঁছয়নি।

বারাকপুরে চাহিদা মতো ফর্ম না মেলায় বিপাকে বিএলওরা
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর মহকুমায় প্রয়োজনমতো ফর্ম পাচ্ছেন না বিএলও’রা। তাঁদের একাংশ জানিয়েছে, এই মহকুমার জন্য যে পরিমাণ ফর্ম আসার কথা ছিল, তা এখনও এসে পৌঁছয়নি। তাই গতি আসছে না কাজে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের দপ্তরে জানানো হয়েছে। উল্লেখ্য, বারাকপুর মহকুমায় সব মিলিয়ে ২৬ লক্ষ ৮৫ হাজার ৪৭৬ জন ভোটার রয়েছেন। তাঁদের জন্য নিযুক্ত করা হয়েছে ২৮৫০ জন বিএলও’কে। 

Advertisement

বারাকপুরের নির্বাচন কমিশনের দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রথম দিকে চাহিদা মতো ফর্ম পাওয়া যায়নি। এখন সেই সমস্যা কেটে গিয়েছে। তবে কয়েকজন  বিএলও অসুস্থতার কারণে এখনও কাজে যোগ দিতে পারেননি। তাঁদের পরিবর্তে অন্যদের নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। টিটাগড়, ভাটপাড়া, জগদ্দল প্রভৃতি এলাকায় হিন্দির বদলে ইংরেজিতে ফর্ম পূরণের অনুরোধ করেছে কমিশন। 
এদিকে, ৩১ ডিসেম্বর বারাকপুর মহকুমার ১২টি বিধানসভার সব ইভিএমের ফাস্ট লেভেল চেকিং করা হবে বলে জানিয়েছেন নির্বাচনী আধিকারিক অনামিকা বেরা সাহা। তিনি বলেন, বিধানসভা ধরে ধরে বিএলও’দের বোঝানো হয়েছে। প্রথম দিকে একটু সমস্যা হচ্ছে। ধীরে ধীরে তা কেটে যাবে। বিএলও সম্পর্কে কোনও অভিযোগ এলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।
বারাকপুরের ভোটারদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বারাকপুর শহর তৃণমূলের সভাপতি সম্রাট তপাদার বলেছেন, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বারাকপুর স্টেশনের সামনে বিধায়কের অফিসে ‘ওয়ার রুম’ খোলা হয়েছে। সেখানে দলের পদাধিকারীরা থাকছেন। 
বারাকপুর বিধানসভা কেন্দ্রের কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, তার জন্যই এই ওয়ার রুম খোলা। কারও সমস্যা হলে ওই হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরটি হল ৯৮৩৬০০০৫৩০। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছে ক্যাম্প অফিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ