নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রক্তের অভাব মেটাতে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন। বারবার বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২২ নভেম্বরের মেগা শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করে যেতে। সরকারি তরফে উদ্যোগ, আয়োজনের অভাব ছিল না। ৮০০ ইউনিটের বেশি রক্তসংগ্রহ হতে পারে, এই আশায় সেন্ট্রাল ব্লাড ব্যাংক ও শহরের একাধিক মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের মাধ্যমে ক্যাম্প বুকিং করেছিলেন উদ্যোক্তারা। কিন্তু, দিনের শেষে মোট রক্ত সংগ্রহ মেরেকেটে হল ৫০০ ইউনিটেরও কম।
কিন্তু এই অবস্থা কেন? স্বাস্থ্যভবনের এক পদস্থ কর্তার বক্তব্য, পুজোর সময় রক্তসংকট মেটাতে বহু পুরানো রক্তদাতা ইতিমধ্যেই রক্তদান করেছেন। সেজন্যই হয়তো সংগ্রহ যতটা ভাবা হয়েছিল, ততটা হয়নি।
উদ্যোক্তা সংগঠনের এক কর্তা বলেন, তিনমাস আগেই আমাদের একটি রক্তদান শিবির হয়েছিল। তাই হয়তো একটু কম সংগ্রহ হয়েছে। তবে ওইদিন নেতাজি ইন্ডোরে আমাদের স্বাস্থ্যপরীক্ষা শিবিরে সুগার, ইসিজি, পিএফটি প্রভৃতি স্বাস্থ্যপরীক্ষা বিনামূল্যে করে উপকৃত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। রক্তদান আন্দোলনের দীর্ঘদিনের কর্মী দীপঙ্কর মিত্র বলেন, এত উদ্যোগ আয়োজন সত্ত্বেও আশানুরূপ রক্ত সংগ্রহ না-হওয়ার কারণগুলি বিশ্লেষণ করবার দরকার আছে। নাহলে কঠিন সময়ে প্রচুর পরিমাণে রক্ত সংগ্রহ অধরাই থেকে যাবে।


