বিপণিতে বাধা পেয়ে ট্রাম লাইনে  বসেই বই বিক্রি এসএফআইয়ের, আটক বাম নেতা-কর্মীরা, কলেজ স্ট্রিটে স্টল করার হুঁশিয়ারি
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের পর এবার কলেজ স্ট্রিটে বই বিপণিতে বাধা দিতে পথে নামল পুলিশ। আনা হল অনেক প্রিজন ভ্যান। তার জেরেই মঙ্গলবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড বাধল। স্টল না করতে দেওয়ায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মী-সমর্থকরা ট্রাম লাইনের উপরে বই নিয়ে বসে পড়েন। শুরু হয়ে যায় বিক্রিও। ঘণ্টাখানেক রাস্তা অবরুদ্ধ থাকার পর পুলিশ মাইকে আবেদন করে উঠে যেতে। সে-কথায় কান দেয়নি এসএফআই। তারপরেই নেতা-কর্মীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে লালবাজারে পৌঁছে যায় পুলিশ। বইপত্রও পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ এসএফআইয়ের। সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। লালবাজারের গেটের বাইরে দাঁড়িয়ে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘বুধবার ফের ওই জায়গাতেই আমরা বুক স্টল করব।’ এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছে আজ বুধবার কলেজস্ট্রিটে ওই স্থানে বুকস্টল হবে। তা উদ্বোধন করবেন বিমান বসু। 

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যা থেকে। এসএফআইয়ের অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে পঞ্চম বর্ষের ‘সংগ্রামী বইপত্র’ স্টল আটকাতে পুলিশ আসে। পুলিশের সামনে দেবাঞ্জন হুঁশিয়ারি দেন, বুক স্টল আটকালে ট্রাম লাইনেই বসবেন তাঁরা। মঙ্গলবার সকালে সেকাজই করেন তাঁরা। 
নেতৃত্বের বক্তব্য, জোড়াসাঁকো থানায় বুক স্টলের কথা তাঁরা জানিয়েছিলেন। কলকাতা কর্পোরেশনের কাছে ফি জমা দিয়েছিলেন। তবুও স্টল করতে বাধা দিয়েছে পুলিশ। যদিও পুলিশের দাবি, কোনো অনুমতি ছিল না। নেতৃত্বের অভিযোগ, তাদের বইপত্রগুলিও পুলিশ নিয়ে চলে গিয়েছে। নেতা-কর্মীদের গলা-কলার ধরে প্রিজন ভ্যানে তোলা হয়। দেবাঞ্জন, শুভদীপ, হাসিব, তাজবুল, দীধিতি সহ ৪১ জনকে আটক করা হয়।  এই বুক স্টল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর উদ্বোধন করার কথা ছিল। তিনি মহাবোধি সোসাইটিতে নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে অনুষ্ঠিত ‘বইয়ের আসর’ কর্মসূচিতে যোগ দেন। ঘটনার তীব্র নিন্দা করেন বিমানবাবু। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘এরা বই নামটা শুনলেই লাফাতে থাকে। যাদবপুরে বইয়ের বিরুদ্ধে বুলডোজার, ময়লার গাড়ি এসেছিল। এখানে বইয়ের বিরুদ্ধে প্রিজন ভ্যান এল। এর বিরুদ্ধে মানুষের লড়াই কেউ ঠেকাতে পারবে না।’ 
সন্ধ্যায় ফের বই হাতে লালবাজারের গেটের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। মুক্ত হয়ে দেবাঞ্জন বলেন, ‘বইয়ের উপর লাথি মেরেছে, বই চুরি করে নিয়ে চলে গিয়েছে পুলিশ। আমার প্রশ্ন, বইগুলিও কি লকআপে রেখেছে?’ এই ঘটনার নিন্দা করেছেন এসইউসির ছাত্র সংগঠন ডিএসও। কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে এসইউসির তরফেও ‘নভেম্বর বিপ্লব’ পালন করা হয়।