Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

রঘুনাথপুরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার রঘুনাথপুর-১ ব্লকের অহল্যাবাঈ রাস্তার ধারে থাকা ড্রেন লরির ধাক্কায় ভেঙে যায়। এই বেহাল রাস্তা দীর্ঘদিন সংস্কার করা হয়নি। প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। এমনই অভিযোগ তুলে এদিন বড়বাগান গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আদ্রা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন। কিন্তু, পুলিস অবরোধ তুলতে ব্যর্থ হয়। প্রায় দু’ঘণ্টা ধরে অবরোধ চলে। খবর পেয়ে আড়রা পঞ্চায়েতের প্রধান তুফান রায় ঘটনাস্থলে আসেন। তিনি গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘসময় আলোচনা করেন। পাঁচ মাসের মধ্যে রাস্তার সংস্কারেরআশ্বাস দেওয়ায় গ্রামবাসীর অবরোধ তুলে নেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর শহর থেকে কাশীপুরের গৌরাঙ্গডি যাওয়ার অহল্যাবাঈ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রানি অহল্যাবাঈ হোলকার রাস্তাটি দিয়ে তীর্থযাত্রায় গিয়েছিলেন বলে তাঁর নামে এই রাস্তা পরিচিত। রঘুনাথপুর, কাশীপুর, পাড়া, নিতুড়িয়া প্রভৃতি এলাকার মানুষের কাছে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রঘুনাথপুর থেকে গৌরাঙ্গডি পর্যন্ত রাস্তাটি প্রায় ১৫ কিলেমিটার। এই রাস্তা দিয়ে সহজেই রঘুনাথপুর থেকে বাঁকুড়া যাওয়া যায়। আদ্রায় এফসিআইয়ের গোডাউন রয়েছে। সেজন্য লরিগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তায় গড়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০টি লরি যাতায়াত করে।

Advertisement

এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি গুরুত্বপূর্ণ হলেও প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে বেহাল হয়ে রয়েছে। বর্তমানে কাশীপুর ব্লক প্রশাসনের তরফ থেকে জেলা পরিষদের অর্থে কয়েক কিলোমিটার পিচ রাস্তা সংস্কার করা হয়েছে। তবে রঘুনাথপুর থেকে সরবেড়িয়া প্রায় ছ’কিলোমিটার রাস্তা একেবারেই চলাচল অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার পিচ উঠে গিয়েছে। রাস্তা জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার জন্য প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। 
অবরোধে শামিল গ্রামের বাসিন্দা অশোক সিং, বিশ্বজিৎ বাউরি বলেন, এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যায়। প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনও লাভ হয়নি। এদিন একটি লরি রাস্তার পাশে থাকা ড্রেন ভেঙে দেয়। গ্রামে কীর্তন চলছিল। তাই বড় ধরনের দুর্ঘটনা হতে পারত।  পঞ্চায়েত প্রধান পাঁচ মাসের মধ্যে রাস্তাটি সংস্কার করার আশ্বাস দিয়েছেন। পাঁচ মাসের মধ্যে রাস্তাটি তৈরি না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন হবে। পঞ্চায়েত প্রধান বলেন, পাঁচ মাসের মধ্যে বড়বাগান এলাকার খারাপ থাকা রাস্তা সংস্কার করা হবে। বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীকে বেহাল রাস্তার বিষয়টি জানানো হয়েছে। পূর্তদপ্তরেও জানানো হয়েছে। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ