Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ, মেলেনি টাকা, ‘অন্নপূর্ণা’ বিক্ষোভ উদয়নারায়ণপুরে

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। ধৈর্যের বাঁধ ভাঙছে। চতুর্থ দফায় ১৭ সেপ্টেম্বর থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলেও অনেকেই সেই টাকা পাননি।

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ, মেলেনি টাকা, ‘অন্নপূর্ণা’ বিক্ষোভ উদয়নারায়ণপুরে
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। ধৈর্যের বাঁধ ভাঙছে। চতুর্থ দফায় ১৭ সেপ্টেম্বর থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা থাকলেও অনেকেই সেই টাকা পাননি। তা নিয়ে ১৭ তারিখের পর থেকে ক্ষোভ বাড়ছিল। যত দিন যাচ্ছে, তত জটিলতা বাড়ছে। এই নিয়ে একাধিক অবরোধও হয়েছে। সোমবার সকাল থেকে ফের বিক্ষোভে শামিল হলেন মহিলারা। উলুবেড়িয়া থেকে উদয়নারায়ণপুর সর্বত্র বিক্ষোভ দেখান ‘বঞ্চিত’ মহিলারা। 

Advertisement

এদিন সকালে উদয়নারায়ণপুরের বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুলটিকারিতে সেহাগড়ি উদয়নারায়ণপুর রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন মহিলারা। সকাল ৬টা থেকে পথ অবরোধ শুরু হয়ে বেলা ১০টা পর্যন্ত চলে। সপ্তাহের প্রথমদিনের অবরোধে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সরকার গঠনের চার মাস পেরিয়ে গেলেও তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। এই ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিসে গেলেও তাঁরা সমস্যার সুরাহা করতে পারছেন না। তাই বাধ্য হয়ে পথ অবরোধে শামিল হতে হয়েছে। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত হয়। 
অন্যদিকে, দুপুরে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরেও বিক্ষোভ দেখান মহিলারা। শতাধিক মহিলা দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, অনলাইন এবং অফলাইনে ফর্ম ফিলআপ করলেও টাকা ঢোকেনি। অফিসে ঘুরে ঘুরে হয়রানি বাড়ছে। কোথাও সদুত্তর মিলছে না।  তাঁদের দাবি, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সকলের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ রাখা হোক। এদিন বিকালে একই দাবিতে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডের পাশাপাশি বিধায়ক সমীর পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের অভিযোগ, বহু মহিলা টাকা না পেলেও বিধায়ক সমাধানের কোন উদ্যোগ নেননি। বিকালে উলুবেড়িয়া ১ নং ব্লক অফিসে বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের অভিযোগ, ফর্ম ফিলাপ করলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অফিসে যোগাযোগ করলে বলা হচ্ছে, আন্ডার প্রসেস। কিন্তু এই আন্ডার প্রসেস কবে শেষ হবে সেটা কেউ বলতে পারছে না। অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান মহিলারা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ