নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অযোগ্যদের কাছ থেকে আবাসের টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রে আরও কড়া প্রশাসন। দুবার চিঠি দেওয়া হবে। টাকা ফেরত না দিলে সোজা এফআইআর। আবাসের টাকা না ফেরত দিলে অযোগ্য প্রাপকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুলপি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ব্লকের আধিকারিকরা এইসব উপভোক্তার বাড়িতে চিঠি ধরানোর কাজ শুরু করল। এই ব্লকে প্রায় ৮০০ অযোগ্য প্রাপক আছে। এদিকে, এই প্রকল্পে অযোগ্যরা টাকা না ফেরালে থানায় অভিযোগ ও গ্রেপ্তারি নিয়ে ফের হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ফলতায় বিশ্ব শৌচালয় দিবসের অনুষ্ঠানে এসে তিনি জানান, রাজ্যে সাড়ে ১২ হাজারের মধ্যে মাত্র ১২৫০ জন টাকা ফিরিয়েছেন। ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছেন বাকিরা। না দিলে এফআইআর। তারপরই কোমরে দড়ি পড়ানো হবে। জানা গিয়েছে, কুলপিতে আবাসের ১৮ হাজারের মতো উপভোক্তা আছেন। খোঁজ করে দেখা গিয়েছে, প্রায় ৮০০ অযোগ্য। তাঁদের মৌখিকভাবে বলা হলেও কেউই গা করেননি বলে অভিযোগ। এদের মধ্যে কারও দোতলা বাড়ি, কেউ ভালো চাকরি করেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়ির টাকা নিয়ে নিয়েছিলেন অনেকেই। অযোগ্যদের থেকে টাকা ফেরানোর উপায় নিয়ে কথাবার্তা চলাকালীন ব্লকে সাতজন টাকা ফিরিয়ে দিয়েছেন। বাকিদের ক্ষেত্রে এবার কড়া ডোজ দিতে চলেছে প্রশাসন। পাশাপাশি, পঞ্চায়েত মন্ত্রী স্পষ্ট করে আরও একটি বিষয় জানিয়ে দিয়েছেন, বাড়ি পাওয়ার জন্য কেউ যেন টাকা না দেন। কেউ টাকা চাইলে থানায় খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।



