Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি বিএলওর, ভাইরাল ভিডিওয় বিতর্ক

ফের নির্বাচন কমিশনের নিয়ম ভাঙার অভিযোগ বিএলওর বিরুদ্ধে। এক্ষেত্রে বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম বিলি করা হচ্ছে বলে অভিযোগ।

পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি বিএলওর, ভাইরাল ভিডিওয় বিতর্ক
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: ফের নির্বাচন কমিশনের নিয়ম ভাঙার অভিযোগ বিএলওর বিরুদ্ধে। এক্ষেত্রে বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এসআইআর এর ইনিউমারেশন ফর্ম বিলি করা হচ্ছে বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান) ভাইরাল হওয়ার পর মালদহের চাঁচলে চর্চা তুঙ্গে। বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির। 

Advertisement

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর বুথে ইনিউমারেশন ফর্ম বিলি শুরু করেন বিএলও। একাংশের অভিযোগ, চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি ওই বুথেই। সেখানে একটি ঘরে বসে ফর্ম দেওয়া হচ্ছিল। ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির উত্তর মালদহের সাধারণ সম্পাদক অভিষেক সিঙ্ঘানিয়া বলেন, কমিশনের নিয়মানুযায়ী বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কথা। কিন্তু তৃণমূলের প্রধান নিজের বাড়িতেই শিবির বসিয়েছেন। এটা নিয়ম বহির্ভূত। একজন তৃণমূল নেতার বাড়িতে অন্য দলের ভোটাররা নাও যেতে পারেন। 
চাঁচল ১ ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমানের অভিযোগ, তৃণমূল নেতারা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হয়তো বিএলওকে চাপ দিয়ে বাড়িতে শিবির বসিয়েছেন। ওই এলাকার কংগ্রেস সমর্থকদের ফর্ম পেতে সমস্যা হতে পারে। অভিযোগ উড়িয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ঝর্ণা বর্মন দাসের মন্তব্য, আমার বাড়িতে নয়, পাশে ফর্ম গোছানোর কাজ করছিলেন বিএলও। বিরোধীরা ষড়যন্ত্র করে ভিডিও ভাইরাল করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। 
সাফাই দিয়ে অভিযুক্ত বিএলও অলোক চক্রবর্তীর মন্তব্য, আমার সঙ্গে বিএলএরা ছিলেন। প্রধানের বাড়িতে ফর্ম বিলি করা হয়নি। সিরিয়াল অনুযায়ী ফর্ম গোছানোর কাজ হচ্ছিল। নিয়ম মেনেই বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হয়েছে।
এসআইআর নিয়ে চাঁচলের বিভিন্ন প্রান্তে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। সুষ্ঠুভাবে সবাই যাতে ফর্ম পান, সেজন্য সব দল ভোটরক্ষা শিবিরের আয়োজন করেছে। তবে, প্রধানের বাড়িতে শিবির বসানোর অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, প্রতিটি অঞ্চলে ভোটার রক্ষা শিবিরের আয়োজন করেছি। মানুষের পাশে থেকে কাজ করছি। কিন্তু বিজেপি ষড়যন্ত্র করে এলাকার লোকজনকে বিভ্রান্ত করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ