সংবাদদাতা, ইসলামপুর ও চোপড়া: একদিকে এসআইআর সংক্রান্ত কাজের চাপ, অন্যদিকে বাবার নামের বানান ভুলে আতঙ্ক। এই দুই কারণে চোপড়া ও গোয়ালপোখরে এক বিএলও এবং এক ভোটারের মৃত্যুর অভিযোগ। এসআইআর আবহে দু’জনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলায়।
এসআইআরের অতিরিক্ত কাজের চাপে মৃত্যু চোপড়ার এক বিএলওর। এমনই অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের। শুক্রবার সকালে চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের দেবীঝোরার বাসিন্দা বুথ লেভেল অফিসার বিপিন টোপ্পোর (৪৫) মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তিনি দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সেই সঙ্গে ৭৮ নম্বর কাজীগছের বিএলও ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিপিন। তড়িঘড়ি তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
মৃতের পরিবারের দাবি, কয়েকদিন ধরে এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে চাপে ছিলেন বিপিন। মৃতের বোন অনুপা টোপ্পোর কথায়, দাদা কয়েকদিন ধরে খুব চাপে ছিল। সারাক্ষণ কাজের চিন্তায় থাকত। এদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে যায়। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি রেশমা টোপ্পো।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপিন আগে থেকেই মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল তাঁর। তাঁকে বিএলওর দায়িত্ব দেওয়ার পর অফিসে বিষয়টি জানানো হয়েছিল। যাতে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু তারপরও কাজীগছ বুথে ইনিউমারেশন ফর্ম বিলি, জমা ও ডিজিটাইজেশনের কাজ করেন বিপিন। প্রশাসন সূত্রে খবর, বিপিনের বুথে ৩৬ জনের নামে নোটিশ এসেছে। এদিন সেই নোটিশ ভোটারদের বাড়ি বাড়ি দেওয়ার কথা ছিল তাঁর।
তৃণমূল নেতা গোপাল ভৌমিক বলেন, কাজের চাপেই এই মৃত্যু। খবর পেয়ে সন্ধ্যায় মৃতের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, উত্তর দিনাজপুরের ডিপিএসসির চেয়ারম্যান নাজিমুদ্দিন আলি প্রমুখ। তাঁরা মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবিষয়ে ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কিছু বলা যাচ্ছে না ।
এদিকে,বাবার নামের বানানে হেরফের থাকায় বিএলও গত ২৩ ডিসেম্বর প্রয়োজনীয় নথিপত্র ভেরিফিকেশন করার পরও আতঙ্কে ছিলেন গোয়ালপোখরের ধরমপুর ২ গ্রাম পঞ্চায়েতের চুরাকুট্টির আবু মুতাল্লিব (৩৬)। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় বুধবার বিষপান করেন মুতাল্লিব। এই দাবি করেছেন পরিবারের সদস্যরা। শুক্রবার বিহারের কিষানগঞ্জ মেডিকেল হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
মুতাল্লিবের মৃত্যুতে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানি নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেছেন।
মৃতের মা যতন বিবি বলেন, পরিবারে কোনও অশান্তি ছিল না। ইনিউমারেশন ফর্ম জমা করার পর থেকে ছেলে আতঙ্কে ছিল। ছেলেকে অনেক বুঝিয়েছিলাম। কিন্তু শেষ রক্ষা হল না।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় মুতাল্লিবের নাম ছিল। বিএলও অ্যাপে তাঁর বাবার নাম মিসম্যাচ ছিল। ২০০২ তাঁর বাবার নাম ছিল ইজাহার আলি। বর্তমান ডকুমেন্টে হয়েছে এজাহার আলি। এবিষয়ে গত ২৩ ডিসেম্বর ভেরিফিকেশন হয়ে গিয়েছে।
কিন্তু ভেরিফিকেশনের পরও আতঙ্কে ছিলেন ওই ব্যক্তি। তার জেরেই ওই ব্যক্তি বিষপান করেছেন বলে দাবি মন্ত্রী গোলামের। এবিষয়ে বিজেপি নেতা সুরজিত্ সেন বলেন, নামের বানানের জন্য কেউ বিষ খেতে পারে না। তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে।



