নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বোল্লা কালী পুজোয় পশুবলি বন্ধ করতে এবছর ফের মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। আগামী ২২ নভেম্বর বালুরঘাট থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অনুষ্ঠিত হবে বহু প্রাচীন এই কালীপুজো। মামলাকারীর অভিযোগ, এই পুজোতে প্রায় ১০ হাজারেরও বেশি পশুবলি হবে। যা বন্ধ হওয়া প্রয়োজন বা নিয়ম মেনে করা জরুরি। সম্প্রতি বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির দাবিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে পশুবলি রদ সংক্রান্ত বিশেষ কোনও আইন নেই। ফলে বিষয়টি নিয়ে দীর্ঘ সময় শুনানি প্রয়োজন। তাছাড়া ওই মন্দিরে এই প্রথা বহু যুগ ধরে চলে আসছে। সে ক্ষেত্রে আদালত কীভাবে হঠাৎ করে তা বন্ধের নির্দেশ দেবে! যদিও মামলাকারীর আইনজীবী পাল্টা দাবি করেন, ইতিমধ্যেই ত্রিপুরা হাইকোর্ট সহ দেশের আরেকটি হাইকোর্ট পশুবলি বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এ নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় রয়েছে। যেখানে বলা হয়েছে পশুবলি হলেও, তা আইন অনুযায়ী করতে হবে। তাই মামলার দ্রুত শুনানি করা হোক। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য ধার্য করেছে।
Advertisement
এর আগে হাইকোর্টে পূজোর ছুটি চলার সময় অবকাশকালীন বেঞ্চেও মামলাটির এক প্রস্থ শুনানি হয়। সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেছিলেন, পূর্ব ভারতে আমিষ খাওয়ার রেওয়াজ প্রাচীন। মামলা করে এই এলাকার মানুষকে নিরামিশাষী করা সম্ভব নয়। উত্তর ভারত এবং পূর্ব ভারতের ধর্মীয় আচারের যে ফারাক আছে, তাও মনে করিয়ে দিয়েছিলেন বিচারপতি। এই মামলার সূত্রেই মহাকাব্য বা পৌরাণিক চরিত্রদের আমিষ খাওয়া নিয়ে যে বিতর্ক আছে, সে প্রসঙ্গও উঠেছিল। শুধু তাই নয় ২০২৩ সালেও একইভাবে এই মন্দিরে পশু বলি বন্ধ করতে মামলা দায়ের হয়েছিল। সেবারও এ বিষয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি আদালত।



