সংবাদদাতা, বহরমপুর: বেলডাঙা থানা এলাকায় পৃথক এলাকায় অ্যাসিড খেয়ে দুই যুবতী আত্মঘাতী হলেন। কোনও ঘটনাতেই লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিস জানিয়েছে, বেলডাঙা থানার হিজুলি গ্রামে সবনুর খাতুন(২৪) আত্মঘাতী হয়েছেন। মৃতার পরিবার জানিয়েছে, ভালোবেসে গ্রামের এক যুবককে বিয়ে করেছিলেন সবনুর। কিন্তু তাঁদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। পাঁচদিন আগে স্বামীর সঙ্গে সবনুরের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সবনুর বাপের বাড়িতে ওঠেন। বিবাহ বিচ্ছেদের কারণে অবসাদে ভুগছিলেন। বুধবার বিকেলে তিনি অ্যাসিড খান। তাঁকে প্রথমে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার বউদি হাসিনা বিবি বলেন, জামাই তালাক দেওয়ায় দুশ্চিন্তায় ভুগছিল। সেকারণেই অ্যাসিড খায়।
Advertisement
এদিকে, বেলডাঙা থানার বেগুনবাড়িতে মেরিনা খাতুন(১৯) নামে এক যুবতী মঙ্গলবার রাত ১টা নাগাদ অ্যাসিড খান। পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁকেও প্রথমে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। বুধবার রাত ৯টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতার আত্মীয় সাইরা বিবি বলেন, রাত ১২টা পর্যন্ত ঘরেই ছিল। ১টা নাগাদ বাথরুমে গিয়ে অ্যাসিড খেয়ে আর্তনাদ শুরু করে।



