সংবাদদাতা বেলদা: কিশোরীকে ধর্ষণের অভিযোগে পলাতক যুবককে গ্রেপ্তার করল দাঁতন থানার পুলিস। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে অভিযুক্ত ওই যুবককে দাঁতন এলাকা থেকেই গ্রেপ্তার করে পুলিস। পুলিস জানিয়েছে, গত ১৪ নভেম্বর দুপুরে ওই থানারই আলিকষা গ্রাম পঞ্চায়েত এলাকার এক কিশোরী গ্রামের পাশে থাকা পালানিয়া খালে মাছ ধরতে যায়। সেসময় অভিযুক্ত যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই কিশোরী তার মাকে সমস্ত ঘটনা জানায়। থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তারপর থেকেই ওই যুবক পলাতক ছিল। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিস। শুক্রবার তাকে মেদিনীপুরের বিশেষ আদালতে পেশ করা হয়। বিচারক ৪ দিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।



