‘খাকি’তে কালো দাগ, পানশালায় নর্তকী সাপ্লায়ারের ডেরা নিউটাউনের আইপিএস আবাসনে!
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুজিত ভৌমিক, কলকাতা: ‘খাকিতে কোনও দাগ নিতে পারব না!’ রাজ্যের পুলিশ মহলে এখনও মুখে মুখে ফেরে নন্দীগ্রাম বিধানসভা ভোটে আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠির সেই উক্তি। আইপিএসদের সেই সাধের খাকিতেই কি না এবার দাগ লেগে গেল! অবশ্য এ খাকি, শান্তিরক্ষকদের উর্দি নয়। নিউটাউনে এরাজ্যের আইপিএস অফিসারদের আবাসন ‘খাকি’তে ডেরা বেঁধেছেন কলকাতার বিভিন্ন পানশালায় এক নর্তকী সাপ্লায়ার। এহেন ‘কৃতী’ ব্যক্তির বিরুদ্ধে বেআইনি কলসেন্টার চালানোর অভিযোগও রয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি পদমর্যাদার এক আইপিএস অফিসারের অভিজাত ফ্ল্যাটে ওই ব্যক্তি ডেরা বেঁধেছেন বলে অভিযোগ। 

Advertisement

তৃণমূল আমলে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসারদের জন্য নিউটাউনে এই সমবায় আবাসন ‘খাকি হাউজিং এস্টেট’ তৈরি হয়। রাজ্যের হাতে গোনা দু’একজন বাদে সিংহভাগ আইপিএসের ফ্ল্যাট রয়েছে এখানে। রাজীব কুমার, বিনীত গোয়েল, মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারদের ফ্ল্যাট রয়েছে এই আবাসনে। এছাড়া অশোক প্রসাদ, ডি পি সিং, মুরলীধর শর্মা, রশিদ মুনির খান, কোটেশ্বর রাও, বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত মতো শীর্ষস্থানীয় আইপিএস অফিসাররা এখানে সপরিবারে বসবাস করেন।
আইপিএস অফিসার এবং তাঁর পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে এমনিতে এই আবাসনে নিরাপত্তার যথেষ্ট কড়াকড়ি রয়েছে। সম্প্রতি এই সুরক্ষিত আবাসনে বহিরাগতদের আনগোনা বেড়ে যায়। নজরদারি চালাতে গিয়ে ওই ‘কৃতী ব্যবসায়ী’র উপস্থিতি নজরে আসে। এমন বিতর্কিত ব্যবসায়ী কীভাবে আইপিএস অফিসারদের অভিজাত আবাসনে ডেরা বাঁধলেন, তা নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে আইপিএস অফিসার মহলে। 
কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার সূত্রের কথায়, ‘একদা পূর্ব কলকাতার বাসিন্দা এই ব্যক্তি প্রথম জীবনে বোতলের ছিপি তৈরির ব্যবসা ছিল। তবে প্রথম থেকেই কলকাতার পানশালা ও নাইট লাইফ নিয়ে তাঁর অদম্য কৌতুহল ছিল। নিয়মিত পানশালায় যাতায়াত করতেন। একসময়ে পানশালার ‘ফ্লোর’ ব্যবসায় নেমে পড়েন। হালে কলকাতার সিংহভাগ পানশালায় ফ্লোর ভাড়া নিয়ে ব্যান্ড মাস্টার, মিউজিশিয়ান ও নর্তকী জোগানের একচ্ছত্র কারবার চালাচ্ছেন এই ব্যক্তি। অভিযোগ, শহরের দাগী দুষ্কৃতীদের সঙ্গে মধুর সম্পর্ক পানশালা ব্যবসায়ীর।  
সূত্রের খবর, গত ১০-১২ বছর ধরে কলকাতা শহরে বেআইনি কল সেন্টারের রমরমা শুরু হতেই, এই কারবারে বিপুল টাকা ঢেলেছেন ওই ব্যবসায়ী। কলকাতা লাগোয়া সল্টলেকে সেক্টর ফাইভের পাশাপাশি রাজ্য পুলিশের এলাকায় এই ব্যবসায়ী কল সেন্টার কারবার বেশি চলে। এমনকি হালে দুবাইতেই বেআইনি কলসেন্টার ব্যবসা ফেঁদে বসেছেন এই ব্যক্তি, এমন নির্দিষ্ট তথ্য  রয়েছে গোয়েন্দাদের কাছে। আক্ষরিক অর্থেই, এ যেন বাঘের ঘরে ঘোগের বাসা! এহেন বিতর্কিত পানশালা ব্যবসায়ী কীভাবে আইপিএস আবাসনে ডেরা বাঁধলেন? এনিয়ে প্রতিক্রিয়া জানতে ‘খাকি সমবায় আবাসনের’ দায়িত্বে থাকা রাজ্যের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার নীরজনয়ন পাণ্ডের  সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চাননি।