Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালি তুলতে গিয়ে কান্দির নদীবাঁধ দুর্বল, ক্ষোভ

বালি তুলতে গিয়ে কান্দির নদীবাঁধ দুর্বল, ক্ষোভ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প কান্দি মাস্টার প্ল্যানের বাঁধ কেটে নয়। প্রয়োজনে বালিঘাট মালিকরা নদী বাঁধে র‌্যাম্প তৈরি করে বালির গাড়ি যাতায়াতের ব্যবস্থা করুক। কান্দি মহকুমার বালিঘাটগুলি চালুর মুখে এই দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। বাঁধ কেটে ফের সেই জায়গা মাটি ভরাট করার ফলে মাস্টার প্ল্যানের বাঁধ দুর্বল হয়ে পড়ছে বলে বাসিন্দাদের অভিযোগ। প্রসঙ্গত, কান্দি মহকুমা বড়ঞা ও ভরতপুর ১ ব্লকের উপর দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী ও কুয়ে নদী। ওই দুই নদী থেকে প্রতিবছর প্রচুর পরিমাণে বালি তোলা হয়। দুই ব্লক মিলে অন্তত ২২টি সরকারি বালিঘাট রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বালির গাড়ি নদীতে ওঠানামার জন্য বাঁধ কেটে রাস্তা তৈরি করা হয়। কাটা বাঁধের মধ্যে দিয়ে নদীতে যাতায়াত করে অসংখ্য ডাম্পার, ট্রাক থেকে ট্রাক্টর। যদিও প্রতিবছর ঘাট বন্ধের পর বাঁধের কাটা অংশ ফের মাটি দিয়ে ভরাট করা হয়। কিন্তু মাটি ভরাটের পরেও কাটা বাঁধের ওই অংশ দুর্বল হয়ে পড়ে বলে বাসিন্দাদের অভিযোগ। বড়ঞা ব্লকের নারায়ণপুর, ফুঁপুড়া, পেটারি ও ভরতপুর ১ ব্লকের রুহা গ্রামের কাছে কার্যত প্রতিবছর বাঁধ কেটে বালির গাড়ি যাতায়াত করে। আবার ময়ূরাক্ষী নদীর পাঁচথুপি বালি ঘাটে নদীর গভীরতার কারণে র‌্যাম্প তৈরি করতেই হয়। বাসিন্দাদের দাবি, শুধু পাঁচথুপি নয়, এলাকার সমস্ত বালিঘাটে র‌্যাম্প তৈরি করে বালির গাড়ি ওঠানামার ব্যবস্থা করা হোক।
Advertisement
উল্লেখ্য, ওই দুই ব্লক এলাকার অধিকাংশ নদীবাঁধ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প কান্দি মাস্টার প্লান প্রকল্পে তৈরি করা হয়েছে। পেটারি গ্রামের বাসিন্দা অনিরুদ্ধ মণ্ডল, শুভময় মণ্ডল জানান, এখানে প্রতিবছর নদী বাঁধ কেটে বালির গাড়ি ওঠানামার ব্যবস্থা করা হয়। ঘাট বন্ধের মুখে ফের তা বুজিয়েও ফেলা হয়। কিন্তু এতে মাস্টার প্লানের শক্তপোক্ত বাঁধ দুর্বল হয়ে পড়ছে। নারায়ণপুর গ্রামের চাষি সুখদেব ঘোষ বলেন, প্রতিবছর বাঁধ কেটে ফের কাটা অংশ ভরাটের ফলে বাঁধের নিরাপত্তা থাকে না। কারণ বর্ষার আগে কাটা অংশে মাটি জমতে পারে না। ফলে বন্যার আতঙ্ক তাড়া করে এলাকাবাসীকে। সেচ দপ্তরকে এনিয়ে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। যদিও জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বালিঘাটগুলিতে বালির গাড়ি ওঠানামার জন্য পরিষ্কারভাবে মাটির র‌্যাম্প করার কথা নির্দেশে আছে। বাঁধ কাটার কোনও নিয়ম নেই। 
সম্পর্কিত সংবাদ