Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই শিশু

বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই শিশু
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা কালিয়াচক: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হল দুই শিশু। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচকের আলিপুর-২ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জখম দুই শিশুর একজনের বয়স আট বছর, অন্যজনের নয় বছর। তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে‌ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই গ্রামে জমি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়াছুড়ি শুরু করে। পাশাপাশি শুরু হয় ভাঙচুর। ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। শাজাহান শেখ নামে এক ব্যক্তিকে বাড়ির সামনেই কোপানো হয়। পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করা হয়। 
স্থানীয়দের আশঙ্কা, রাতে গণ্ডগোলের সময় হয়ত কোনও পক্ষ প্লাস্টিক বল বোমা ছুড়েছিল। কিন্তু সেই বোমা কোন‌ও কারণে ফাটেনি। দুপুরে দুই শিশু ওই বোমাটি দেখতে পেয়ে বল ভেবে খেলতে শুরু করে। তখনই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জোড়াল শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্থানীয় বাসিন্দা আলিউল শেখ বলেন, বিস্ফোরণের আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে দেখি ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে। ধোঁয়া কেটে যেতেই দেখি দুই শিশু সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। বিস্ফোরণের শব্দে অন্যান্য বাসিন্দারাও বেরিয়ে আসেন। দুই শিশুর বাড়িতে খবর দেওয়া হলে সদস্যরাও সেখানে আসেন। ইতিমধ্যেই দুই শিশুকে উদ্ধার করে দ্রুত সিলামপুর গ্রামীণ হাসপাতাল ও পরে মালদহ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী বলেন, জখম দুই শিশুর চিকিৎসা চলছে। বোমা কোথা থেকে কীভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ