নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রবিবার রাতে বাঁকুড়া সদর থানা এলাকায় পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম আশিস মান(৩৫) ও সন্দীপ মল্ল(৩৩)। তাঁদের বাড়ি ওই থানারই পুরন্দরপুর গ্রামে। ওই দুর্ঘটনায় একই গ্রামের এক যুবক জখম হয়েছেন। তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, দুর্ঘটনাগ্রস্ত টোটোটি আটক করা হয়েছে। দুর্ঘটনায় টোটো চালকেরও মৃত্যু হয়েছে।
Advertisement
পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত টোটোটি আশিসবাবু চালাচ্ছিলেন। ঘটনার রাতে দু’জনকে টোটোয় চাপিয়ে আশিসবাবু ১৪ নম্বর জাতীয় সড়কের দিকে যাচ্ছিলেন। গ্রামীণ রাস্তা ধরে যাওয়ার সময় তিনি টোটোর গতি হঠাৎ বাড়িয়ে দেন। ফলে জাতীয় সড়কের ওঠার সময় তিনি আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। পুরন্দরপুর মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। অন্ধকারে সেটি টোটো চালক খেয়াল করেননি। ফলে সজোরে তিনি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই আশিসবাবু ও সন্দীপবাবু মারা যান। দু’জনেই সামনের সিটে বসেছিলেন বলে পুলিসের অনুমান। ওই ঘটনায় সঞ্জীব মল্ল নামে এক যুবক গুরুরত জখম হন। তাঁকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সোমবার দু’টি দেহের ময়নাতদন্ত হয়। পুলিস একটি মামলা রুজু করেছে।



