Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়া ও আরামবাগে রাস ঘিরে উন্মাদনা

বাঁকুড়া ও আরামবাগে রাস ঘিরে উন্মাদনা
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও আরামবাগ: শুক্রবার বাঁকুড়া ও আরামবাগে মহা সমারোহে রাস উৎসবের সূচনা হয়। আগামী তিনদিন ধরে বাঁকুড়া শহর সহ বিভিন্ন জায়গায় রাস উৎসব চলবে। এদিন বাঁকুড়া শহরের রাসতলায় উৎসব শুরু হয়। সেখানকার মণ্ডপ প্রাঙ্গণ আলোয় সাজিয়ে তোলা হয়। আয়োজকদের মধ্যে রাজু দত্ত বলেন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে আমাদের পূর্বপুরুষ নবীনচন্দ্র দত্ত বাঁকুড়ায় রাস মন্দির প্রতিষ্ঠা করেন। ওইসময় স্বপ্নদেশ পেয়ে ওন্দার দ্বারকেশ্বর নদ তীরবর্তী এলাকায় তিনি একটি শালগ্রাম শিলা উদ্ধার করেছিলেন। পরে তিনি তা রাধাদামোদরচন্দ্র জিউ রূপে পুজো শুরু করেন। সেই থেকে পুজো হয়ে আসছে। মন্দিরের নামে পরে শহরের ওই অংশের নামকরণ হয় রাসতলা হিসেবে।
Advertisement
বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জ ও কৃষ্ণগঞ্জ এলাকায় মল্লরাজ স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় ওই রাস উৎসবের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তন্ময় ঘোষ। বাঁকুড়া ও বিষ্ণুপুর শহরের পাশাপাশি মেজিয়া, ওন্দার ছাগুলিয়া সহ জেলার বিভিন্ন ব্লক এলাকায় রাস উৎসব হচ্ছে।  
এদিন আরামবাগে রাস উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আরামবাগের বড় ডোঙ্গল সর্বজনীন শ্রী শ্রী রাস উৎসব এবার ৫২ তম বর্ষে পড়ল। রাস উৎসব উপলক্ষ্যে সেখানে মেলা বসেছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ঢাকিরা অংশ নেন। রাস উৎসব কমিটির সভাপতি শ্যামল মিশ্র বলেন, আমাদের রাস উৎসব উপলক্ষ্যে আগামী ন’দিন ধরে কীর্তন, যাত্রা, বাউল, বিচিত্রানুষ্ঠান রাখা হয়েছে। প্রথা অনুযায়ী এবারও প্রায় ৪০টি মৃৎশিল্পীর পরিবার মূর্তি দিয়েছে। 
ডোঙ্গলেও আলু পট্টি রাস মেলা কমিটির পুজো এবার ৩৫ বর্ষে পদার্পণ করেছে। পুজো কমিটির সম্পাদক উত্তম বেরা বলেন, এবার আমরা গুপ্ত বৃন্দাবনের আদলে রাসের মণ্ডপ সাজিয়েছি। বসেছে রাস মেলা। তারসঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ