গৌড় এক্সপ্রেসের সময় বদলের দাবি, রেলমন্ত্রীকে চিঠি বিজেপির দক্ষিণ মালদহ জেলা সভাপতির
  • ২৯ নভেম্বর, ২০২৬ ১৪:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: এবার গভীর রাতে মালদহ থেকে রওনা দিয়ে ভোররাতে শিয়ালদহে পৌঁছনো গৌড় এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তনের দাবি উঠল। ট্রেনটির ছাড়ার সময় রাত সাড়ে ১০টা করার আবেদন জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন বিজেপির দক্ষিণ মালদহ জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।

Advertisement

বর্তমানে মালদহ টাউন স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে ছাড়ে গৌড় এক্সপ্রেস। ট্রেনটি শিয়ালদহে পৌঁছয় ভোর ৪টে ৪০ মিনিটে। এত সকালে কলকাতায় পৌঁছে চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগী, তাঁদের পরিবারের সদস্য, পড়ুয়া এবং প্রবীণ নাগরিকদের সমস্যায় পড়তে হয় সবচেয়ে বেশি। ভোরবেলায় গন্তব্যে পৌঁছনোর জন্য পর্যাপ্ত বাস বা অন্য কোনও গণপরিবহণ সহজে পাওয়া যায় না। অন্যদিকে, নির্ধারিত সময়ের আগে হোটেলে চেক-ইন করার সুযোগও অধিকাংশ ক্ষেত্রে থাকে না। ফলে বাধ্য হয়ে দীর্ঘক্ষণ শিয়ালদহ স্টেশনেই অপেক্ষা করতে হয় যাত্রীদের। অসুস্থ ও বয়স্ক মানুষের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও কষ্টকর হয়ে ওঠে। এই সমস্যার কথা তুলে ধরে গৌড় এক্সপ্রেসের সময়সূচি বদলের আর্জি জানিয়েছেন অজয় গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, মালদহ টাউন স্টেশন থেকে ট্রেনটির ছাড়ার সময় রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে রাত সাড়ে ১০টা করা হোক। সেক্ষেত্রে শিয়ালদহে ট্রেনটির পৌঁছনোর সময়ও পরিবর্তিত হয়ে ভোর সাড়ে ৫টা নাগাদ হতে পারে। তাতে কলকাতায় নেমে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা কিছুটা বেশি পরিবহণের সুবিধা পাবেন। 

যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে রেলমন্ত্রক দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে, এমনটাই আশা আবেদনকারীর। এখন রেলমন্ত্রকের তরফে এই দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে গৌড় এক্সপ্রেসের নিয়মিত যাত্রীরা।