নিজস্ব প্রতিনিধি, তমলুক: সকাল থেকেই বুলডোজার নামিয়ে মেচেদা বাজারে ১১৬ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের নীচে শুরু হল প্রায় ২০০টি দোকান উচ্ছেদের অভিযান। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে দু’দিক থেকে চলল ভাঙার কাজ। আগেরদিন প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল যে রবিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান হবে। ঘোষণা মতোই আজ সকালেই বুলডোজার নামে। সঙ্গে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়।
এদিন উচ্ছেদ অভিযান চলাকালীন কান্নায় ভেঙে পড়েন উত্তম ভৌমিক। তিনি বলেন, '৪০বছর ধরে এখানে ইলেক্ট্রিক সরঞ্জামের ব্যবসা করছি। তার উপর সংসার চলছে। এখন চোখের সামনে সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। কাল থেকে কী করব, কোথায় যাব জানি না। একই বক্তব্য শেখ নজরুল ইসলামের। তাঁর ইলেক্ট্রনিক্স সরঞ্জামের দোকান চোখের সামনে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই দোকানে নির্ভর করে ছ’জনের সংসার চলত। এখন সব শেষ। কীভাবে সংসার চালাব জানি না।
উল্লেখ্য, ২০২২সালে ১৫ডিসেম্বর মেচেদা ফ্লাইওভারের নীচে দু’টি দোকানে ভয়াবহ আগুন লাগে। তাতে পিলার ফেটে রড বেরিয়ে যায়। ফ্লাইওভারের সংযোগকারী ছ’টি বিয়ারিং সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ওই ঘটনার পর জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণকারী সংস্থা কোলাঘাট থানায় দু’জনের বিরুদ্ধে এফআইআর করেছিল। ওই বছর ৩১ডিসেম্বর প্রায় দু’শো দোকান উচ্ছেদ করার নোটিস দেওয়া হয়েছিল। তারপর প্রায় চার বছর সময় পেরিয়ে গিয়েছে। শেষবার গত ২২জুন শেষ নোটিস দেওয়া হয়েছিল। পুজোর পর ফ্লাইওভারের নীচের অংশ ফাঁকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেইমতো ফ্লাইওভারের নীচে থাকা দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হল। সোমবার সকাল থেকেই বিশাল বাহিনী নামে।



