কাটমানি-তোলাবাজি রুখতে সেবা দূত অভিযান বিজেপির
  • ২৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রামকুমার আচার্য, আরামবাগ: কাটমানি ও তোলাবাজি রুখতে এবার নয়া কৌশল নিল বিজেপি। যার প্রতীকী নাম ‘সেবা দূত’ অভিযান কর্মসূচি। দূত হিসেবে থাকবেন ভিনজেলার কার্যকর্তারা। তাঁদের কাছে নির্ভয়ে অভিযোগ জানানোর সুযোগ পাবেন ভুক্তভোগীরা। এমনই এক প্রতিনিধি দল আসছে আরামবাগেও। এই কর্মসূচির পিছনে সংঘের কলকাঠি দেখছে বিরোধীরা। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গে সংঘের শিকড় আরও গভীরে নিয়ে যেতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। 

Advertisement

সরকারি কোনো প্রকল্প থেকে কাটমানি নেওয়া হচ্ছে কিনা? কোনো নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে কিনা?—এসবখতিয়ে দেখবেন বিজেপির দূতরা। কোনো বিষয়ে অভিযোগ জানানোর ক্ষেত্রে সাধারণ মানুষ হোক বা দলের নিচুতলার কর্মী বুকের পাটা থাকতে হয়। পর্যাপ্ত সাহস থাকেনা বলে অনেকেই অভিযোগ জানাতেই পারেননা। চুপচাপ হয়ে যান। কিন্তু এবার সেইসব অভিযোগ অনায়াসে জানানো যাবে বুথস্তরের ‘সেবাদূত’ কর্মসূচিতে। আগামী পয়লা ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিজেপির এই অভিযান চলবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিবস উপলক্ষে বিজেপি এই উদ্যোগ নিয়েছে। আরামবাগ মহকুমার চার বিধানসভাতেও এই কর্মসূচি হবে। 
রাজ্য বিজেপির এগজিকিউটিভ কাউন্সিলের মেম্বার তথা বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকারের বহু প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন মানুষ। সেগুলি ঠিকভাবে পাচ্ছেন কিনা তা খোঁজ নিতেই সেবা দূত অভিযান হবে। তাতে দলীয় বিষয় সম্পর্কেও কর্মীদের সঙ্গে কথা বলা হবে। কেউ কোনো সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিচ্ছে কিনা, তার অভিযোগ থাকলেও শোনা হবে। তবে মহকুমায় বিজেপির কার্যকর্তারা নানাভাবে মানুষের পাশে রয়েছেন।’
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভিন জেলা থেকে দুজন প্রতিনিধি আসবেন আরামবাগ মহকুমার প্রতিটি বিধানসভায়। শ্রীরামপুর, বর্ধমান, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়ার প্রভৃতি জেলা থেকে দলের দু’জন সক্রিয় কর্মীকে পাঠানো হতে পারে। তবে এখনও সেই তালিকা চূড়ান্ত হয়নি। নির্দেশ রয়েছে প্রতিনিধিদের থাকতে হবে দলেরই কর্মীর বাড়িতে। ভিন জেলার প্রতিনিধিদের সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট এলাকার মণ্ডল সভাপতি, কো-অর্ডিনেটররাও। প্রতিদিন বুথে ঘুরে তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। সরাসরি কেন্দ্রীয় নেতৃত্ব সেইসব তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় তোলাবাজির অভিযোগ উঠেছে। কিছু জায়গায় দলেরই কর্মীদের গ্রেপ্তারও করেছে পুলিশ। তারপরেও কি কোথাও কাটমানি ও তোলাবাজির মতো ঘটনা ঘটছে! তা সরেজমিনে খতিয়ে দেখতে ভিন জেলার প্রতিনিধিরা মানুষের সঙ্গে কথা বলবেন। 
বিজেপির আরামবাগের এক নেতা বলেন, রাজ্যে আমাদের সরকার আসার পর একাধিক জনমুখী প্রকল্প চালু হয়েছে। আগামীদিনেও নানা প্রকল্প আসছে। সেইসব প্রকল্পের সুবিধা পেতে মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার খোঁজ নেওয়া হবে। মানুষজনও তাঁদের কোনো পরামর্শ থাকলে জানাতে পারবেন ভিন জেলার প্রতিনিধিদের কাছে। এছাড়া সাংগঠনিক ক্ষেত্রেও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তা জানানো যাবে। বুথে বিজেপির মাটি আরও শক্তিশালী করতেও ভিন জেলার প্রতিনিধিরা বৈঠক করতে পারেন। 
তবে বিজেপির এমন কর্মসূচিকে কটাক্ষ করেছে বিরোধীরা। এই ব্যাপারে সিপিএমের হুগলি জেলা কমিটির সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, সংঘের সংগঠন নিচুস্তর পর্যন্ত নামানোর লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। বিগত দিনে ভিনরাজ্য থেকেও লোক এসে বাইরের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ফলে এতে মানুষের কল্যাণ হবে না।