Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাত বাঁধা অবস্থায় গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে শনিবার গোঘাটে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম শেখ বাকিবুল্লা(৩৫)। বাড়ি গোঘাটের সানবাঁদি এলাকায়।

হাত বাঁধা অবস্থায় গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে শনিবার গোঘাটে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম শেখ বাকিবুল্লা(৩৫)। বাড়ি গোঘাটের সানবাঁদি এলাকায়। এদিন সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর হাত দু’টি সামনের দিকে বাঁধা অবস্থায় ছিল। ঘটনায় রহস্য দানা বাঁধে। খবর পেয়ে গোঘাট থানার পুলিস মৃতদেহ উদ্ধার করতে গেলে পরিবারের সদস্যরা বাধা দেন। তাঁরা খুনের অভিযোগ তুলে সরব হন। পরে পুরশুড়ার বিজেপি বিধায়ক গোঘাটের বাসিন্দা বিমান ঘোষ গেলে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর বিজেপি নেতৃত্ব দেহ রাস্তায় রেখে গোঘাট থানা গোড়ায় আরামবাগ কামারপুকুর রাস্তা প্রতীকী অবরোধ করে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। সেখানে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা যোগ দেন। পরিবারের তরফে গোঘাট থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। হুগলি গ্রামীণের পুলিস সুপার কামনাশিস সেন বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হবে।

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাতসকালে বাকিবুল্লার দেহ বাড়ির ছাদের প্যারাপিড থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁর সামনের দিকে দু’টি হাত বাঁধা অবস্থায় ছিল। পুলিসের এক আধিকারিক বলেন, বাকিবুল্লার মৃত্যুর পর একটি সুইসাইড নোট সামনে এসেছে। ফলে তিনি আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও আত্মহত্যা বলে মানতে চাইছেন না পরিবারের সদস্যরা। মৃতের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ওই রাতে মিষ্টি খেয়ে শুয়েছিল। কিছুক্ষণ পরই আমি ঘুমিয়ে যাই। সকালে উঠে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মৃতের ভাই শেখ ইমরান আলি বলেন, ভোর ৪টে নাগাদ পাড়ার বাসিন্দারা দাদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দাদাকে খুন করা হয়েছে বলে আমাদের সন্দেহ। পুলিস তদন্ত করে দোষীদের খুঁজে করুক। বিজেপির জেলা সভাপতি ও বিধায়ক বলেন, বাকিবুল্লা আমাদের সক্রিয় কর্মী ছিলেন। তাঁকে খুন করা হয়েছে বলেই আমাদের সন্দেহ। পুলিস স্বচ্ছভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। তৃণমূলের গোঘাট-১ ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা বলেন, আমরা প্রশাসনের উপর আস্থা রাখছি। পুলিস ঘটনার তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনবে। • শোকার্ত পরিবার। (ইনসেটে) শেখ বাকিবুল্লা। -নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ