নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত বিজেপির কর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভা কেন্দ্রের ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গাঙ্গুলিপাড়ায়। আক্রান্ত বিজেপি কর্মী ২৬ বছরের প্রীতম কর আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ তিন অভিযুক্তকে পাকড়াও করেছে।
অভিযোগ উঠেছে, সন্ধে নামতেই শ্যামনগর ব্যায়াম সমিতির পাশের গলিতে একটি চায়ের দোকানের পাশে মদ-গাঁজার ঠেক বসায় নেশাড়ুরা। সেই আসরে বহিরাগতরাও ভিড় জমায়। বিজেপির স্থানীয় বুথ সভাপতি রঞ্জন মৃধা জানান, ব্যায়াম সমিতির পাশের গলিতে প্রতিদিন মদ-গাঁজার ঠেক বসে। দলীয় কর্মী প্রীতম কর মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত হন। রঞ্জনের অভিযোগ, ছ’-সাতজন মিলে প্রীতমকে বেদম প্রহার করে। দেওয়ালে মাথা ঠুকে মারা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত তিনজনকে পাকড়াও করেছে। অপরদিকে, বিজেপির ২৫ নম্বর ওয়ার্ড ইনচার্জ কৃষ্ণা গুহ ক্ষোভের সঙ্গে বলেন, ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর সাজা দেওয়া দরকার। প্রশাসনের উচিত ওই নেশার ঠেক উচ্ছেদ করা।