নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরভোটের আগেই উত্তপ্ত বেহালার চড়কতলা। মঙ্গলবার রাতে বিজেপির এক কর্মীকে রাস্তায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ময়ূখ মুখোপাধ্যায় নামে ওই বিজেপি কর্মীর মাথায় ও ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছে। অভিযোগ, ময়ূখকে হুমকি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, পুর নির্বাচনে বিজেপির কোনো প্রার্থী এখানে দাঁড়াতে পারবেন না। তাঁর অভিযোগের ভিত্তিতে তন্ময় সর্দার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বেহালা থানা। এফআইআরে নাম থাকা এক মহিলা ও আরও একজন পলাতক। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুর নির্বাচনে বেহালার চড়কতলা এলাকায় বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। রাজনৈতিক অলিন্দে ঘোরাফেরা করছে ময়ূখ মুখোপাধ্যায়ের নাম। এলাকায় যথেষ্ট জনপ্রিয় তিনি। ময়ূখ এই এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপি করেন। তৃণমূল আমলেও তিনি পদ্ম শিবিরের হয়ে লড়াই করেছেন। বিজেপি ক্ষমতায় আসার পর স্বাভাবিক নিয়মেই এলাকায় দলের যে কোনো অনুষ্ঠানে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। অভিযোগ, তাঁকে রাজনৈতিকভাবে শেষ করতে চাইছে মমতা তৃণমূল। পূর্বতন শাসকদলের বিভিন্ন অবৈধ কাজকর্মের প্রতিবাদ করেছিলেন তিনি। যে কারণে তিনি তাদের টার্গেট। বিভিন্ন সময়ে তাঁর কাছে হুমকিও আসছে। বলা হচ্ছে, তিনি যেন বিজেপির প্রার্থী না হন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ময়ূখ চড়কতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁর উপর চড়াও হয় তিন-চারজন। হামলাকারীদের মধ্যে এক তরুণীও ছিল। অভিযুক্ত তন্ময় সর্দার ও তার বাবা ময়ুখবাবুর রাস্তা আটকায়। এরপর আগ্নেয়াস্ত্র বের করে বাট দিয়ে তাঁর মাথায় ও ঘাড়ে আঘাত করে। সেইসঙ্গে চলে মারধর। অভিযোগ, তাঁর সোনার হার, ঘড়ি সহ মূল্যবান সামগ্রী ছিনতাই করে পালায় অভিযুক্তরা। হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান ময়ূখবাবু। তারপর বেহালা থানায় লিখিত অভিযোগ করেন তিনজনের বিরুদ্ধে। পুলিশ ছিনতাই, আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর সহ একাধিক ধারায় কেস রুজু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তিনজনকে চিহ্নিত করেছে। গভীর রাতে বেহালা থেকে গ্রেপ্তার করা হয়েছে তন্ময়কে। বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র ও ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করা হবে।



