Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিষ্ঠান বিরোধিতা ও সংগঠন বিস্তারের যুগলবন্দিতেই শ্রীরামপুরে জয় বিজেপির

প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে কাজে লাগিয়ে শ্রীরামপুরে জয়পতাকা উড়িয়েছে বিজেপি।

প্রতিষ্ঠান বিরোধিতা ও সংগঠন বিস্তারের যুগলবন্দিতেই শ্রীরামপুরে জয় বিজেপির
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে কাজে লাগিয়ে শ্রীরামপুরে জয়পতাকা উড়িয়েছে বিজেপি। তবে প্রতিষ্ঠান বিরোধিতা যে শুধু রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল, তাই নয়, বিজেপির অন্দরমহল ও রাজনৈতিক মহলের একাংশের দাবি, পুরসভাগুলিকে কেন্দ্র করেও নাগরিকদের ক্ষোভ ছিল। শ্রীরামপুর ও রিষড়া, দুই পুরসভা এলাকাতেই পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ ছিল। তার প্রতিফলনও পড়েছে বিধানসভা নির্বাচনে। পাশাপাশি, বহুদিন ধরেই সবার অলক্ষ্যে নিজেদের সংগঠনকে প্রসারিত করেছে বিজেপি। আরএসএস মাটি কামড়ে পড়ে ছিল। তার সুফল পেয়েছে পদ্মপার্টি। দীর্ঘদিনের ডানপন্থী ভিটে শ্রীরামপুরে প্রায় সাড়ে আট হাজার ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়ে জয় পেয়েছেন বিজেপির প্রবীণ নেতা ভাস্কর ভট্টাচার্য।

Advertisement

তবে আরও একটি ফ্যাক্টরকে চিহ্নিত করেছে রাজনৈতিক মহল। সেটি হল বাম ও কংগ্রেসের ভূমিকা। ওই দুই দলের ভূমিকা যে নির্ণায়ক হয়ে উঠেছে, তা ২০২৬ সালের ফলাফল থেকেই স্পষ্ট। ২০২১ সালের নির্বাচনে বাম ও কংগ্রেস জোটের ভোট ছিল ১০.৩২ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে হয়, ২২.৭৪ শতাংশ। আর এবার পৃথকভাবে লড়ে কংগ্রেস এক শতাংশের কিছু বেশি ভোট পেয়েছে। আর সিপিএম পেয়েছে ৯.২ শতাংশ ভোট। অর্থাৎ যৌথভাবে তাদের ভোট গত দু’বছরে কমেছে প্রায় ১০ শতাংশ। যা জনরোষের পরিসরে বিজেপির পক্ষে গিয়েছে বলেই রাজনৈতিক মহলের দাবি।
বিজেপির প্রবীণ নেতা তথা এবারের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, বহুদিন ধরেই জনমত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে গিয়েছিল। এবার তার প্রকৃত বিস্ফোরণ হয়েছে। মানুষ সরকার গড়তে বিজেপির উপরে ভরসা রেখেছে। কারণ, সুশাসনে ভারতজুড়ে ইতিহাস তৈরি করেছে বিজেপি। সিপিএমের ভোট, কংগ্রেসের ভোট, এসব আলাদা করে আমরা দেখি না। অপশাসনের বিরুদ্ধে শ্রীরামপুর রায় দিয়েছে। শ্রীরামপুরের অন্যতম প্রভাবশালী তৃণমূল নেতা সন্তোষ সিং (পাপ্পু) বলেন, আমরা ফলাফল বিশ্লেষণ করছি। কোথাও তো মানুষের ভরসা কমেছে, তার কারণ অনুসন্ধান করা জরুরি। সিপিএমের তরুণ তুর্কি নেত্রী তথা এবারের প্রার্থী নবনীতা চক্রবর্তী বলেন, দল ফলাফল বিশ্লেষণ করছে। আমরা সারা বছর মানুষের পাশে থাকি। নির্বাচনী ফলাফল যাই হোক, সেই ধারা বজায় থাকবে।
সিপিএম এবং কংগ্রেস কেমন করে নির্বাচনি ফলকে প্রভাবিত করে, তার একটি উদাহারণ ২০২১ ও ২০২৪ সালের দু’টি নির্বাচনকে বিশ্লেষণ করলে মিলবে। ২০২১ সালে শ্রীরামপুরে তৃণমূল ৪৯ শতাংশ ও বিজেপি ৩৭ শতাংশ ভোট পেয়েছিল। সেবার জোটের কংগ্রেস প্রার্থী ১০.৩২ শতাংশ ভোট পান। ২০২৪ সালে বাম-কংগ্রেস জোট ২২.৭৪ শতাংশ ভোট পেতেই তৃণমূলের সামান্য এবং বিজেপির ভোট বিরাট পরিমাণ কমে যায়। বাম ও কংগ্রেসের সেই ভোটই এবার দশ শতাংশে নেমেছে। প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গে সেই ভোটও বিজেপির পতাকা ওড়াতে বাড়তি হাওয়া জুগিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ