Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ হয়ে যাওয়া চা বাগানের জমি জমিদাতাদের দিতে চায় বিজেপি

ইসলামপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বেসরকারি কোম্পানির বন্ধ হয়ে যাওয়া চা বাগানের জমি প্রকৃত জমিদাতাদের হাতে তুলে দিতে চাইছে বিজেপি নেতৃত্ব।

বন্ধ হয়ে যাওয়া চা বাগানের জমি জমিদাতাদের দিতে চায় বিজেপি
  • ২ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বেসরকারি কোম্পানির বন্ধ হয়ে যাওয়া চা বাগানের জমি প্রকৃত জমিদাতাদের হাতে তুলে দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় ও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Advertisement

অভিযোগ, এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা-কর্মী ওই বাগান থেকে চা পাতা তুলেছেন। এবার সরকার বদলের পর জেগে উঠেছে বিজেপি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল জমানায় মুনাফা হচ্ছিল না বলে বাগানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। তখন বহু শ্রমিকের পাওনা ঠিকমতো মেটানো হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাঁচশো একরের বেশি বিস্তৃত মালিকবিহীন চা বাগান থেকে কারা পাতা তুলবে, তা নিয়ে একাধিকবার সংঘর্ষও হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। বাগান করার সময় স্থানীয়রা জমি দিয়েছিলেন। বাগানে তাঁদের কাজ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জমিদাতারা ভেবেছিলেন কাজ করে সংসার চালাবেন। কিন্তু বাগান বন্ধ হয়ে যায়। জমিদাতাদের দাবি, মালিকপক্ষ যেহেতু বাগান ছেড়ে চলে গিয়েছে, তাই জমি ফিরিয়ে দেওয়া হোক। 
অনেকের অভিযোগ, যাঁরা বাগানে জমি দান করেননি এমন লোকেদের চাকার বিনিময়ে পাতা তোলার অধিকার দিয়েছিলেন তৃণমূলের এক প্রভাবশালী নেতা। জমিদাতা সংগ্রাম সিংহ বলেন, আমাদের পরিবার ১২ বিঘা জমি দিয়েছিল বাগান কর্তৃপক্ষকে। কিন্তু তারা বাগান ছেড়ে চলে যাওয়ার পরেও সেই জমি থেকে পাতা তুলতে পারিনি। তৃণমূল নেতারা নিয়ন্ত্রণে রেখেছিলেন। পাতা তুলতে গেলেই হুমকি দিতেন তাঁরা। বেশকিছু নেতা জমির কাগজপত্রও বানিয়ে নিয়েছেন। এখন জমিদাতাদের জমি ফিরিয়ে দেওয়া হোক।
বিজেপির ইসলামপুর মণ্ডল কমিটির সভাপতি চিত্রজিৎ রায় ওরফে পাখি বলেন, এবিষয়ে মহকুমা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। জমিদাতারা যাতে পাতা তুলতে পারেন, সে বিষয়ে পদক্ষেপ করা হবে। এতদিন তৃণমূলের চোখরাঙানিতে অনেক জমিদাতা জমি ফিরিয়ে নেওয়ার সাহস পাননি। এবার বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। সবকিছু আইন অনুযায়ী হবে।

সম্পর্কিত সংবাদ