নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের নতুন সর্বভারতীয় সভাপতির নাম স্থির করে তবেই জাতীয় কর্মসমিতির বৈঠকে যেতে চায় বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রাথমিকভাবে বিজেপি পরিকল্পনা করেছে যে, আগামী ১৮ থেকে ২০ এপ্রিল বেঙ্গালুরুতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক আয়োজিত হবে। একইসঙ্গে করা হতে পারে দলের গুরুত্বপূর্ণ জাতীয় পরিষদের বৈঠকও। তবে দলের নতুন সর্বভারতীয় সভাপতির নাম এখনও পর্যন্ত স্থির না হওয়ায় প্রস্তাবিত এই বৈঠককে কেন্দ্র করে তীব্র সংশয়ের সৃষ্টি হয়েছে বিজেপির অন্দরেই। গেরুয়া শিবিরের একটি অংশ মনে করছে, চৈত্র মাসে সম্ভবত নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে না। সেক্ষেত্রে শুভ বৈশাখ মাসের গোড়াতেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। প্রসঙ্গত, দাক্ষিণাত্যে ছাপ ফেলার উদ্দেশ্যেই দলের প্রস্তাবিত জাতীয় কর্মসমিতি এবং জাতীয় পরিষদের বৈঠকের জন্য বেঙ্গালুরুকে প্রাথমিকভাবে বেছেছে। ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে বিজেপির সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে। কিন্তু অন্তত ৫০ শতাংশ রাজ্যে সাংগঠনিক নির্বাচন সম্পূর্ণ না হলে জাতীয়স্তরে সভাপতি নির্বাচন বিজেপির পক্ষে সম্ভব নয়। সেই কাজে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির। এর মধ্যে উল্লেখযোগ্য নাম পশ্চিমবঙ্গের। বাংলায় সুকান্ত মজুমদারকে সরিয়ে দলের রাজ্য সভাপতি কে হবেন, তা স্থির করতেই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে। দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে জে পি নাড্ডাকেও সরতে হবে। তাঁর উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই একাধিক নাম নিয়ে চর্চা শুরু হয়েছে।



