নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ২১ আগস্ট। এই পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম চূড়ান্ত করতে আজ, রবিবার বৈঠকে বসতে পারে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। তবে আজই এই সংক্রান্ত ঘোষণা হবে কি না, তা নিয়ে
সংশয় রয়েছে। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দেবে বিজেপি তথা এনডিএ জোট। এনডিএ নেতারা প্রার্থী বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যসভার নেতা জে পি নাড্ডার
হাতে দিয়েছেন ঠিকই। কিন্তু সৌজন্য মেনে নাম ঘোষণার আগে একবার এনডিএ নেতাদের সম্মতি নিতে
হবে বিজেপিকে।
জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার সংসদে এনডিএ নেতাদের বৈঠকে ডেকেছেন মোদি। রাজনৈতিক
সূত্রের দাবি, ওইদিন এই ব্যাপারে এনডিএর ফ্লোর লিডারদের অবগত করাবেন প্রধানমন্ত্রী। তারপরেই নাম ঘোষণা হতে পারে। বিজেপি
সূত্রের দাবি, সম্ভবত ২১ আগস্টই মনোনয়ন জমা দেবেন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী। আজকালের মধ্যেই প্রার্থী নাম চূড়ান্ত করতে বৈঠকে বসবে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটও। বিরোধীদের প্রার্থী নিয়েও ধোঁয়াশা চরমে।