Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিযায়ী শ্রমিক দেবাশিসকে নিয়ে মিছিল, কটাক্ষ বিজেপির

বাংলায় কথা বলার ‘অপরাধে’ ওড়িশায় বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হয়েছিল শ্রমিক দেবাশিস দাসকে। সেই পরিযায়ী শ্রমিককে নিয়েই রবিবার দুপুরে বিরাট প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস।

পরিযায়ী শ্রমিক দেবাশিসকে  নিয়ে মিছিল, কটাক্ষ বিজেপির
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাংলায় কথা বলার ‘অপরাধে’ ওড়িশায় বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হয়েছিল শ্রমিক দেবাশিস দাসকে। সেই পরিযায়ী শ্রমিককে নিয়েই রবিবার দুপুরে বিরাট প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। চুঁচুড়ার কোদালিয়া-১ পঞ্চায়েতের সুকান্তনগরের বাসিন্দা দেবাশিসকে সামনে রেখে এদিন বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব মিছিল করেন। মিছিল থেকে বারবার বাংলা ও বাঙালিকে বিজেপি’র হাতে হেনস্তা হতে হচ্ছে বলে স্লোগানও তোলা হয়।

Advertisement

দেবাশিসের হেনস্তার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসতেই হুগলিতে সমবেদনার পরিবেশ তৈরি হয়েছিল। এদিন কার্যত সেই সমবেদনাকেই প্রতিবাদের হাতিয়ার করে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল। আর তাতেই অস্বস্তিতে পড়তে হয়েছে পদ্মপার্টিকে। দ্রুত পাল্টা আসরে নামে বিজেপি। তৃণমূলের কর্মসূচিকে এদিন কটাক্ষ করেছে পদ্ম নেতৃত্ব। পাল্টা বিবৃতি দিয়ে বিজেপি নেতৃত্ব প্রশ্ন তুলেছে, পরিযায়ী শ্রমিক তৈরি কেন হচ্ছে, তৃণমূল বরং সেইদিকটা ভেবে দেখুক।
এদিন মিছিলের শুরুতেই চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে দেবাশিসকে সংবর্ধনা দেয় তৃণমূল। সেখানে দেবাশিস বলেন, আমি ভারতবাসী। এদেশে থাকার যাবতীয় বৈধ নথি আমার আছে। তারপরেও শুধু বাংলায় কথা বলি বলে আমাকে ওড়িশায় কাজে গিয়ে হেনস্তা হতে হয়েছে। বাংলার মানুষ কাজের প্রয়োজনে দেশের অন্যত্র যেতে পারবে না? বস্তুত মিছিল থেকে প্রতিবাদের সেই সুরই উচ্চাঙ্গে তুলেছিল তৃণমূল নেতৃত্ব। এদিন চুঁচুড়ার বিধায়ক অসিতবাবু বলেন, বাংলাকে ভাতে মারার চক্রান্ত বহু বছর ধরেই বিজেপির মোদি-শাহ করছেন। ১০০ দিনের কাজের, বাড়ি তৈরির টাকা বন্ধ করা হয়েছে। এখন বাংলার বাসিন্দাদের বাংলাদেশি সাজিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। দেবাশিসের ঘটনা সেই ইঙ্গিতই দেয়। তবে বাংলার সম্মানহানির চেষ্টা করলে প্রতিবাদ হবে। এনিয়ে বিজেপির রাজ্যনেতা আইনজীবী স্বপন পাল বলেন, বাংলার লক্ষ লক্ষ মানুষকে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যেতে হচ্ছে তৃণমূল সরকারের অনিয়মের কারণে। এরাজ্যে কাজের সুযোগ তৈরি হচ্ছে না কেন? তৃণমূলের মদতে রাজ্যের আর্থিক অবস্থার লালবাতি জ্বলে গিয়েছে। তৃণমূলের জেলা চেয়ারম্যান বিধায়ক অসীমা পাত্র বলেন, দেশের একজন স্বাধীন নাগরিক সর্বত্র তাঁর কাজের প্রয়োজনে যেতে পারেন। সেই স্বাধীনতা খর্ব হওয়াকে বিজেপি যেভাবে উলঙ্গ সমর্থন করছে, তাতেই পরিষ্কার, বাংলা ও বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত চলছে।
গত জুন মাসে একটি সংস্থার হয়ে ফায়ার সার্ভিসের কাজে ওড়িশা গিয়েছিলেন চুঁচুড়ার দেবাশিস। সেখানেই তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করে হেনস্তা করা হয়। কোনওরকমে গত শুক্রবার বাড়ি ফেরেন তিনি। এই নিয়ে হুগলির নাগরিক মহল্লায় আলোড়ন পড়ে। তারপরেই আসরে নামে তৃণমূল। এদিন পিপুলপাতি থেকে হাসপাতাল রোড হয়ে বিরাট মিছিল করে এসে ঘড়িমোড়ে বিক্ষোভ সমাবেশ করে রাজ্যের শাসকদল।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ