নয়াদিল্লি: ২০২৪-২৫ অর্থবর্ষে শুধুমাত্র নির্বাচন ও ভোটের প্রচারের জন্যই ৩ হাজার ৩৩৫ কোটি টাকারও বেশি খরচ করছে বিজেপি। পদ্মশিবিরের তরফে সম্প্রতি বার্ষিক অডিট রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তাতেই উঠে এসেছে এই বিপুল খরচের হিসাব। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষেই অষ্টাদশ লোকসভা নির্বাচন ও আটটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষে সপ্তদশ লোকসভা ও সাতটি রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি খরচ করেছিল ১ হাজার ৩৫২ কোটি টাকার বেশি। অর্থাত্ পাঁচ বছরে বিজেপির নির্বাচন এবং প্রচার সংক্রান্ত খরচ বেড়েছে প্রায় তিন গুণ। লোকসভা নির্বাচনের আগে ২০২৩-২৪ আর্থিক বছরেও বিজেপি প্রচারের জন্য ১ হাজার ৭৫৪ কোটি টাকা খরচ করেছিল। অর্থাত্ অনেক আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছিল তারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, গত লোকসভা নির্বাচন ও তার আগের দু’বছর মিলিয়ে বিজেপি প্রচারে খরচ করেছে ৫ হাজার ৮৯ কোটি টাকারও বেশি। যা ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও তার আগের দু’বছরের তুলনায় দ্বিগুণের বেশি। সেই সময় খরচ হয়েছিল ২ হাজার ১৪৫ কোটি টাকার কিছু বেশি।



