পুনে, ১৬ নভেম্বর: মহারাষ্ট্রের গোন্দিরায় জঙ্গল সংলগ্ন নদীর ধারে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মৃত্যু হল বিমান সেবিকার। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মৃতার দেহে একাধিক জায়গায় রয়েছে ছুরির আঘাত! পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সী ওই মহিলার নাম বর্ষা তুরকার। তিনি মহরাষ্ট্রের ধানোরি এলাকার বাসিন্দা। একটি বিমান সংস্থায় কর্মরত ছিলেন। ২০২৪ সালে তাঁর বিয়ে হয়। ২ বছরের একটি মেয়ে রয়েছে তাঁর। বর্তমানে বর্ষার স্বামী ইন্দোরে কর্মরত।
সম্প্রতি দিওয়ালির ছুটিতে মধ্যপ্রদেশের বালাঘাটের নভগাঁওয়ের কিন্ধি গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন বর্ষা। সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। পরিজনেরা জানিয়েছেন আজ, রবিবারই ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গতকাল অর্থাৎ শনিবার বিকেল ৪টে নাগাদ জঙ্গল সংলগ্ন নদীর ধারে বেড়াতে যান তিনি। সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। নাম রীতেশ আগরওয়াল। মৃতার পরিবার পুলিশকে জানিয়েছে, ঘুরতে যাওয়ার কিছুক্ষণ পরই রীতেশ তাঁদের ফোন করেন। জানানো হয়, তাঁদের উপর অজ্ঞাতপরিচয় তিনজন দুষ্কৃতী হামলা চালিয়েছে। পাশাপাশি তিনি আরও দাবি করেন, ডাকাতির চেষ্টার সময় এক দুষ্কৃতী বর্ষাকে আচমকাই একাধিকবার ছুরিকাঘাত করে। এরপর নগদ ও গয়না নিয়ে সেখান থেকে চম্পট দেয়।
রীতেশ জানান, তাঁরা কোনোরকমে সেখান থেকে পালিয়েছেন। গুরুতর জখম অবস্থায় বর্ষাকে খাইরলনাজি হাসপাতালে নিয়ে যাচ্ছেন তিনি। খবর পেয়ে সেখানে মহিলার পরিজনেরা পৌঁছলে দেখা যায় মৃত্যু হয়েছে বর্ষার। খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশও। দেখা যায়, মৃতার পিঠের দিকে চারটি গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। রিপোর্ট এলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বর্ষার বন্ধু রীতেশকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বর্ষার ছুরিকাঘাকাতে মৃত্যু হলেও রীতেশের শরীরে কোনওরকম আঘাতের চিহ্ন নেই যা সন্দেহের কারণ। এছাড়া দুষ্কৃতীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়েছে এমন প্রমাণও মেলেনি। ফলে এটি আদৌ দুষ্কৃতীদের হামলা না পরিকল্পিত খুন সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কেনই বা তাঁরা হঠাৎ নদীর ধারে বেড়াতে গিয়েছিলেন? এর নেপথ্যে প্রেমঘটিত কোনো কারণ রয়েছে কী না সেটিও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।



