কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের অফিসের বাইরে বিক্ষোভে নেহা বোরা-সহ পরিবেশবিদরা
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১৭:৩৬
Prefer us on Google

নয়াদিল্লি, ১৬ নভেম্বর: কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির সামনে এবার বিক্ষোভ দেখালেন আইসা নেত্রী নেহা বোরা-সহ পরিবেশবিদরা। উঠতে থাকে স্লোগান। দূষণের মাত্রা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আইসা নেত্রী। নেহা বলেন, ‘এই দেশে দূষণের মাত্রা একই রয়ে গিয়েছে। দূষণ, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর আসার জন্য অপেক্ষা করছে না।’ আজ নেহা দাবি করেন, দিল্লি-রাজস্থান-হরিয়ানা-উত্তরপ্রদেশে একিউআই কোথাও ৮০০, তো কোথাও আবার ৬০০ থেকে ৪০০। সোমবার কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন নেহারা।

Advertisement

গোটা দেশজুড়ে হু হু করে বাড়ছে বাতাসে দূষণের মাত্রা! রাজধানীতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একিউআই ‘সন্তোষজনক’ থেকে ফের ‘খারাপ’ হয়ে যায়। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় এদিন। ‘নিঃশ্বাসের অধিকার দিতে হবে’, স্লোগান তোলা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। দাবি তোলা হয়, তাঁদের সঙ্গে কথা বলতে হবে।

বর্তমানে তুরস্কে রয়েছেন ভূপেন্দ্র যাদব। আন্তালিয়ায় সিওপি ৩১ সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। নেহা বলেন, ‘পরিবেশমন্ত্রী না থাকলেও দূষণের মাত্রা একই রয়েছে। দূষণ অপেক্ষা করছে না যে, ভূপেন্দ্র যাদব এলে ফের দূষণ বাড়বে। আর তিনি না থাকায় সাধারণ মানুষ রিলিফ পাবে এমনটাও তো নয়।’ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন আইসা নেত্রী।