যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত দুই দোষীর জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১৫:৪৭
Prefer us on Google

নয়াদিল্লি, ১৬ নভেম্বর: ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ এবং হত্যা মামলার ঘটনায় দুই দোষীর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। ১৭ বছর ধরে কারাবাসে রয়েছেন ওই দুই আসামি, সেই কারণ দেখিয়েই তাঁদের শর্তসাপেক্ষে জামিনও মঞ্জুর করা হয়েছে। বিপিনচাঁদ কানাইয়ালাল জোশী এবং প্রদীপ রমনলাল মোধিয়াকে আজ জামিন মঞ্জুরের আদেশ দেয় সুপ্রিম কোর্ট।

Advertisement

২০০২ সালে গুজরাতে ভয়াবহ দাঙ্গার ঘটনায় একই পরিবারের ১৪ জন সদস্যকে নৃশংসভাবে খুন করা হয়। ২১ বছরের বিলকিস বানোকে গর্ভবতী অবস্থাতেই গণধর্ষণ করা হয়। ছাড় দেওয়া হয়নি তাঁর ৩ বছরের সন্তানকেও। খুন করা হয়। সেই ঘটনা শুনলে আজও শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। নারকীয় সেই ঘটনায় ২০০৮ সালে দোষী সাব্যস্ত হয় ১১ জন। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাদের। 

এরপরে ২০১৭ সালে বম্বে হাইকোর্ট তাদের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার নির্দেশ দেয়। সেই নির্দেশেকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় জোশী ও মোধিয়া। আজ, ১৬ নভেম্বর বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালে-র সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তাঁদের আবেদনগুলো শুনে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করার আদেশ দেন। শুনানি চলাকালীন আদালত জানায়, আবেদনকারীরা ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন। এ ছাড়া, আবেদনকারীদের মধ্যে একজনের গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বলেও আদালতের নজরে আনা হয়। অবশেষে এদিনের রায়ে স্বস্তি পেল দু’জন আসামি। বুধবার তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।