


সংবাদদাতা, বালুরঘাট: মোদির ব্রিগেডের সভার আগে সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। যার জেরে পদত্যাগ করলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। দলীয় সূত্রে খবর, এবার বিধানসভা ভোটে প্রার্থী হতে চেয়েছিলেন স্বরূপ। কিন্তু প্রার্থী তালিকায় তাঁর নাম থাকার সম্ভাবনা নেই,আঁচ করে অভিমানে পদত্যাগ করেন তিনি।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে কার্যত অশ্রুসজল চোখে নিজের অভিমান প্রকাশ করেন স্বরূপ। বিজেপির দু’বারের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপের বক্তব্য, বর্তমানে আমার পক্ষে জেলা সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই স্বেচ্ছায় সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম।
কিন্তু কেন এই অব্যাহতি? তার উত্তর কার্যত এড়িয়ে গিয়েছেন স্বরূপ। তিনি বলেছেন, অনেক চড়াই-উতরাই পার করেছি। আগামীতে দল আরো ভালো জায়গায় যাবে এবং কর্মীদের শ্রীবৃদ্ধি হবে।
গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বরূপ চৌধুরী দীর্ঘদিন ধরে বিজেপির কর্মী। একসময় যুব মোর্চার সভাপতি, সাধারণ সম্পাদক ও নানা গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে তিনি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি ছিলেন। ভালো পারফরমেন্সের জন্য চব্বিশের লোকসভা ভোটের পরেও তাঁকে জেলা সভাপতি পদে রাখা হয়। সূত্রের খবর, স্বরূপ বিজেপির ‘সেফ সিট’ বালুরঘাট আসনে প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু বালুরঘাটে প্রার্থীর লম্বা লাইন থাকায় পরবর্তীতে কুমারগঞ্জ কিংবা হরিরামপুরের প্রার্থী হবেন বলে আশা করেছিলেন। কিন্তু কোনো আসন থেকেই প্রার্থী হিসেবে তাঁর নাম না যাওয়ায় হতাশ হন তিনি। বৃহস্পতিবার রাতেই সমাজমাধ্যমে নিজের হতাশা পোস্ট করেন। আর শুক্রবার সকালে জেলা কার্যালয়ে এসে সোজা পদত্যাগের সিদ্ধান্ত। সূত্রের খবর, স্বরূপের মান ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দলীয় নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রে অনেকে প্রার্থী হতে চাইছেন। যা নিয়ে গোষ্ঠীকোন্দল ক্রমশ তীব্র হচ্ছে। এদিকে, বিজেপির জয়ী বিধায়কদের পুনরায় প্রার্থী করার ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিতে পারে। ফোন না তোলায় এবিষয়ে সুকান্ত মজুমদারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মেসেজেরও উত্তর দেননি।
বিধানসভা ভোটের আগে বিজেপির জেলা সভাপতির পদত্যাগ এবং কোন্দল সমাজমাধ্যমে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া স্বরূপ চৌধুরীকে শাসকদলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতা গৌতম দাস। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, যেকোনো সুস্থ মানুষের পক্ষে বিজেপিতে থাকা সম্ভব নয়। পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন স্বরূপ চৌধুরী। -নিজস্ব চিত্র