নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া-কলকাতার পুরভোট পিছিয়ে যাওয়াকে ‘শাপে বর’ হিসাবেই দেখছে বঙ্গ বিজেপি। একইসঙ্গে নির্দিষ্ট সময়ে পুরভোট নাহলে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর বসিয়ে দেওয়া হবে। তাঁরা হবেন বিজেপির লোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণায় বাড়তি লাভের অঙ্ক কষছে গেরুয়া পার্টি। কেন? জবাবে পার্টির রাজ্য কমিটির এক নেতা বলেন, এখনো রাজ্যের বড়ো অংশের মানুষ তাঁদের পাড়া কিংবা মহল্লায় কে প্রকৃত বিজেপি নেতা কিংবা কর্মী জানেন না। স্থানীয় পর্যায়ের ভোটে এলাকার মানুষের কাছে প্রার্থীর পরিচিতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্বভাবতই নভেম্বর-ডিসেম্বরে ভোট হলে ভোটারদের পদ্ম প্রতীক পাওয়া ব্যক্তির সঙ্গে পরিচয় করাতেই বেগ পেতে হত। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি আমাদের অনুকূলে। ভোট যত পিছবে নিরষ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে।
নিজের যুক্ত ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, শুভেন্দুবাবু সাফ জানিয়েছেন কো-অর্ডিনেটররা দলের লোক হবেন। ভোট নিয়ে চর্চা শুরুর আগেই যা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই হিসাবে কলকাতা-হাওড়া পুরসভার জন্য দলের পরীক্ষিত সৈনিকদের কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা একদিকে এলাকায় নিজেদের বিজেপির নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবেন। অন্যদিকে, পুরসভা চালানোর প্রশাসনিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একইসঙ্গে প্রাক্তন তৃণমূলিদের টিকিট কিংবা এনসিপিআইয়ের সঙ্গে পুরসভা ভোটে বিজেপির জোট সংক্রান্ত চর্চায় জল পড়বে। কারণ, সেক্ষেত্রে সমস্ত পুরসভায় যোগ্য ও প্রকৃত পার্টির কর্মী-নেতাদের লড়ানোর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। সাধারণ মানুষের চাহিদা মেনেই বিজেপি স্বচ্ছ ভাবমূর্তির কেজোদের বাছাই করবে ‘ভাবী কাউন্সিলার’ হিসাবে।



