নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিজেপি শাসিত ওড়িশা হোক বা অন্যত্র, বাংলা ভাষায় কথা বলার জন্য ‘বাংলাদেশি’ সন্দেহে অত্যাচার হলে প্রয়োজনে প্রতিবাদে রাষ্ট্রপতির কাছেও দরবার করা হবে। রবিবার এমনটাই জানালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ, পরিযায়ী শ্রমিকদের জন্য পরিচয়পত্র জরুরি। না হলে তাদের বারবার বিভিন্ন রাজ্যে হেনস্তার শিকার হতে হবে। কয়েকদিন আগে সম্বলপুরে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে হত্যা হয়েছে বলেই অভিযোগ। রবিবার সোজা ঘটনাস্থলে পৌঁছে যান অধীরবাবু।
যদিও ওড়িশা পুলিশ তাঁকে বাধা দেন, অসহযোগিতা করেন বলেই অধীরবাবুর অভিযোগ। তাই পুলিশি সহায়তার তোয়াক্কা না করে জুয়েল রাণার হত্যাস্থল শান্তিনগর থেকে হেঁটেই চলে যান সোনাপল্লি। যেখানে থাকেন বাংলার পরিযায়ী শ্রমিকদের একাংশ। সম্বলপুর জেলা কংগ্রেস সভাপতি অমিত গিরি সহ ওড়িশার প্রদেশ নেতৃত্বকে সঙ্গে নিয়ে আতঙ্কে থাকা পরিযায়ী শ্রমিকদের তিনি আশ্বাস দেন, আগামী দিনে কোনও বিপদে পড়লেই বলবেন। আসব। প্রধানমন্ত্রীকে বলেছি। প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও যাব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার মানুষ। ফলে আশাকরি তিনি রক্ষা করবেন। সম্বলপুরের পুলিশ সুপার এবং আইজি পুলিশের সঙ্গেও সাক্ষাৎ করেন অধীররঞ্জন চৌধুরী।