নয়াদিল্লি, ১২ নভেম্বর: সম্প্রতি প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’। তাঁর এই আত্মজীবনী প্রকাশ্যে আসার পর থেকেই শাসকদল বিজেপির একাধিক নেতা বইটির বিষয়বস্তু নিয়ে তীব্র কটাক্ষ ও সমালোচনা শুরু করেছেন। এবার সেই বিতর্কের আবহে মায়ের ঢাল হয়ে ময়দানে নামলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বিজেপি ও আরএসএস-কে একহাত নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী দাবি করেন, দীর্ঘ সময় ধরে বিজেপি, আরএসএস এবং আরও অনেকে সোনিয়া গান্ধীর সম্পর্কে যা খুশি তাই বলে এসেছেন। প্রিয়াঙ্কার অভিযোগ, ‘তাঁরা মিথ্যা বলেছেন, সম্পূর্ণ মনগড়া গল্প বানিয়েছেন এবং সেই সময় সোনিয়া গান্ধী চুপ ছিলেন। এখন তিনি নিজের জীবনের সত্যিটা বলছেন।’
অন্যদিকে, প্রবীণ আইনজীবী তথা বিজেপি নেতা এইচ এস ফুলকা অভিযোগ তুলেছেন যে, সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথায় ১৯৮৪-র হিংসার ঘটনায় একাধিক ভুল তথ্য উল্লেখ করেছেন বইতে। যা অফিসিয়াল বা সরকারি রেকর্ডের বিরুদ্ধে। তিনি সেই হিংসার ঘটনাকে ‘কংগ্রেস-শিখ সংঘাত’ বলেও দাবি করেছেন। ফুলকার বক্তব্য অনুযায়ী, বইটিতে উল্লিখিত তথ্যগুলি মিথ্যে ও ইতিহাসকে বিভ্রান্ত করছে। ‘সোনিয়া নিজের পরিবারকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন’, বলেও আক্রমণ করেছেন ফুলকা। এছাড়াও বিজেপি শিবিরের একাংশের তরফেও এই বই প্রকাশকে নিছক ‘পাবলিসিটি’ বা প্রচারের কৌশল বলেও কটাক্ষ করা হচ্ছে।
পাল্টা জবাবে কটাক্ষের সুরে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমার ভালো লাগছে যে তাঁরা বইটি পড়ছেন।’ সব মিলিয়ে, বিজেপি নেতাদের তরফে যেখানে সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মায়ের পাশে মেয়ে। বিজেপি নেতাদের পরপর তোপ দাগলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তবে সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ হতেই গোটা দেশের রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে৷



