নিজস্ব প্রতিনিধি, মালদহ: ককরোচ কাঁটায় ভোটব্যাংকে ধসের শঙ্কা। পালটা রণকৌশল হিসাবে জেন জি’কে নিয়ে প্রত্যেক মণ্ডলে সভার সিদ্ধান্ত বিজেপির। এনিয়ে দলীয় নেতৃত্বের তরফে বেঁধে দেওয়া হল টার্গেট। বলা হয়েছে, প্রত্যেক সভায় অন্তত দেড়শো জন জেন জি প্রতিনিধিকে হাজির করাতে হবে। তাদের বোঝাতে হবে, ককরোচ যে পথে চলছে, সেটা ভুল। বিজেপির পথই সঠিক।
বিজেপির দক্ষিণ মালদহের জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, আমার অধীনে ২৩টি মণ্ডল রয়েছে। উত্তর মালদহে রয়েছে ৩৩টি মণ্ডল। সর্বত্রই জেন জি’কে নিয়ে সভা হবে। পুজোর মরশুম চলায় এখনও পর্যন্ত খুব বেশি সভা করা যায়নি। দীপাবলি ও ভাইফোঁটা মিটে যাওয়ায় এবার ওই সভা আয়োজনে জোর দিতে বলা হয়েছে। তাঁর দাবি, জেন জি’র ৪৬ শতাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন। এ কারণে বিরোধীরা যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করতে চাইছে। বিদেশ থেকে ককরোচকে মদত জোগানো হচ্ছে। এই পরিস্থিতিতে যাতে জেন জি কোনোভাবেই বিভ্রান্ত না হয়, সেকারণে আমরা তাদের পালটা বোঝানোর সিদ্ধান্ত নিয়েছি।
বিজেপি সূত্রে খবর, প্রত্যেক মণ্ডলে জেন জি অর্থাৎ তরুণ প্রজন্মকে নিয়ে সভায় তাঁদের মনে কী চলছে, কোনোভাবে তাঁরা পদ্ম শিবিরের পাশ থেকে সরে যাচ্ছে কি না কিংবা ককরোচ পার্টির সঙ্গে তাঁদের কোনোভাবে যোগসূত্র তৈরি হচ্ছে কি না, সেসব ব্যাপারে খুঁটিয়ে খোঁজখবর নিতে বলা হয়েছে। সেইমতো তাঁদের বোঝাতে হবে।
নাম প্রকাশে বিজেপির এক জেলা নেতা বলেন, দলীয় নেতৃত্বের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মিটিং-মিছিলে এমন কোনো মন্তব্য করা যাবে না যাতে জেন জি ক্ষুব্ধ হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। মূলত আক্রমণ করতে হবে তরুণ প্রজন্মকে যারা বিপথে চালনা করার চেষ্টা করছে, তাদের।
বিজেপির দক্ষিণ মালদহের জেলা সভাপতি বলেন, তরুণ প্রজন্মকে নিয়ে সমস্ত মণ্ডলে সভা শেষ হওয়ার পর প্রকাশ্য সমাবেশ হবে। জেন জি’কে নিয়ে রাস্তায় নেমে মিছিলও হবে মালদহে।



