সুকান্ত গঙ্গোপাধ্যায়, তুফানগঞ্জ: বিজেপি বিধায়ক কখনো শহরের উন্নয়নের প্রস্তাব নিয়ে পুরসভায় আসেননি। তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণা ঈশোর। ফলে তুফানগঞ্জ পুরসভা এলাকায় বিধায়ক উন্নয়ন তহবিলের কোনো টাকা খরচও হয়নি। অপরদিকে, বিজেপি বিধায়ক পালটা দাবি করে জানান, কাজ করতে চাইলেও কাজ করতে দেওয়া হয়নি। সেই কারণেই বিজেপি তুফানগঞ্জ শহরে কাজ করতে পারেনি। তুফানগঞ্জের একটি স্কুল, হাসপাতালে কাজ করতে চেয়েছিলেন বলে দাবি মালতীর। কিন্তু তা করতে দেওয়া হয়নি। পুরসভার দাবি, তারা নিজেদের উদ্যোগে প্রায় ৩০ কোটি টাকার কাজ করছে।
তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সন বলেন, বিধায়ক কোনো দিন শহরের উন্নয়নের কোনো প্রস্তাব নিয়ে তুফানগঞ্জ পুরসভায় এলেন না। আসলে নিশ্চয় উন্নয়নের কথা বলতাম। তাঁর এখানে কোনো অফিস নেই। তাঁর সঙ্গে কোনো দিন দেখাও হয়নি। তাদের দলের পার্টি অফিসে আমি কেন যাব?
বিধায়ক মালতী রাভা রায় বলেন, তুফানগঞ্জের ধরের মোড়ে বিধায়কের অফিস রয়েছে। সকলের জন্যই পার্টি অফিসের দরজা খোলা থাকে। পুরসভায় আমি কী কাজ নিয়ে যাব, ওরা আমাদের যেখানে মিছিল মিটিংই করতে দেয় না সেখানে আমরা কেন যাব? কোনো পুরসভাতেই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় কোনো কাজ তৃণমূল করতে দেয়নি। আমাদের তো দেওয়াল লিখনও করতে দেওয়া হয় না।
তুফানগঞ্জ পুরসভায় গত লোকসভা নির্বাচনে বিজেপি লিড পেয়েছিল। কিন্তু তারপরেও পুরসভা এলাকায় রাস্তা সম্প্রসারণ থেকে শুরু বহু কাজ হচ্ছে। যা পুরোটাই রাজ্য সরকারের অর্থে। সেই উন্নয়ন চোখের সামনে দেখা যাচ্ছে। বিজেপি বিধায়ক তুফানগঞ্জে নিয়মিত যাতায়াতও করেছেন। কিন্তু গত পাঁচ বছরে এখানে বিধায়কের মাধ্যমে কোনো কাজই হয়নি। ফলে বিধানসভা নির্বাচনের আগে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি মুখে বলছে, তাদের এখানে কাজ করতে দেওয়া হয়নি। তবে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা বাদ দিয়ে কেন্দ্রীয় প্রকল্পের বড় কোনো কাজও কিন্তু তুফানগঞ্জ পুরসভা এলাকায় বিজেপি আনতে পারেনি। যা তুলে ধরে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল মানুষের দরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।