Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি বিধায়কের বিরুদ্ধে বেআইনি ব্যবসার অভিযোগ

আমদানি-রপ্তানির নাম করে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বেআইনি ব্যবসা করছেন বলে অভিযোগ। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এই অভিযোগ তুলেছেন।

বিজেপি বিধায়কের বিরুদ্ধে বেআইনি ব্যবসার অভিযোগ
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: আমদানি-রপ্তানির নাম করে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বেআইনি ব্যবসা করছেন বলে অভিযোগ। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এই অভিযোগ তুলেছেন। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বাংলাদেশ সরকারের কয়েকজনের সহযোগিতায় এপারে আমদানি-রপ্তানির কাজ করছেন। ৪ জুন পেট্রাপোল সীমান্তে ছেঁড়া কাপড় বোঝাই ন’টি বেআইনি গাড়ি ধরা পড়েছে। শুনেছি, তার মধ্যে পাঁচটি গাড়ি ওই বিধায়কের। তিনি দীর্ঘদিন ধরেই এই বেআইনি কাজে যুক্ত।’ গোপাল শেঠের আনা অভিযোগকে খারিজ করে দিয়েছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, ‘গোপালবাবু কোনওদিন ব্যবসা করেননি। তৃণমূলের আমলে তিনি বিশাল সম্পত্তির মালিক হয়েছেন। আমি পণ্য পরিবহণের কাজ করি। আমদানিকারকরা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য আমদানি করেন।’ পাশাপাশি ওই বিধায়কের দাবি, ‘সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কিছু নীতি বদল করেছে। সম্প্রতি দেশের প্রায় সবকটি সীমান্তে বেশ কয়েকটি পণ্য বোঝাই ট্রাক আটক করা হয়েছে। কুড়ি বছর ধরে ব্যবসা করছি। বেআইনি কিছু করলে আগেই প্রশাসন ব্যবস্থা নিত’। এদিকে পেট্রাপোল শুল্কদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ২ ও ৩ জুন বাংলাদেশ থেকে ন’টি ছেঁড়া কাপড় বোঝাই ট্রাক এদেশে এসেছে। ডিআরআই ট্রাকগুলি আটকে রাখার নির্দেশ দেয়। ৯ জুন আধিকারিকরা এসে ট্রাক থেকে পণ্যের নমুনা সংগ্রহ করেছেন। নমুনার রিপোর্ট এলেই জানা যাবে ওই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে কি না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ